দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, দাম বাড়ানো হবে না: সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।
সোমবার (১৬ মার্চ) তিনি রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য একটি শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, গত রাত থেকেই দেশের সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে। কোথাও কোনো সংকট নেই, তাই জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রশ্নই ওঠে না।
তিনি আরও বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রার জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। কেউ বেশি ভাড়া আদায় করলে অভিযোগের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায়
সেতুমন্ত্রী বলেন, অনেক স্থানে নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়া হচ্ছে এবং কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায়নি। এছাড়া ফিটনেসবিহীন কোনো যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না। এ ধরনের অভিযোগ সুনির্দিষ্টভাবে পাওয়া গেলে সংশ্লিষ্ট গাড়ি ও মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








