News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৪, ১৫ মার্চ ২০২৬

প্রবাসীদের ভিসার মেয়াদ এক মাস বাড়াল মধ্যপ্রাচ্যের ৩ দেশ

প্রবাসীদের ভিসার মেয়াদ এক মাস বাড়াল মধ্যপ্রাচ্যের ৩ দেশ

ফাইল ছবি

ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিরতায় বাংলাদেশে ছুটিতে এসে আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য বিশেষ সুখবর দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল অনিয়মিত হয়ে পড়ায় এবং প্রবাসীদের কর্মস্থলে ফেরা অনিশ্চিত হয়ে পড়ায় কয়েকটি দেশ ভিসার মেয়াদ বাড়ানোর পাশাপাশি বিকল্প উপায়ে নবায়নের সুযোগ প্রদান করেছে।

শনিবার (১৫ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী কর্মী বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন, যাদের অনেকের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে কিংবা শেষের পথে। বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশে গিয়ে সশরীরে ভিসা নবায়ন করা অসম্ভব হয়ে পড়ায় প্রবাসীদের সুবিধার্থে কয়েকটি দেশের সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে আরও ২৪ ফ্লাইট বাতিল, মোট ৪৭৫

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইন থেকে ছুটিতে আসা কর্মীদের ভিসা নবায়নের জন্য সংশ্লিষ্ট দেশের নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করতে হবে। এছাড়া কর্মীরা চাইলে সরাসরি অনলাইনেও ভিসা নবায়নের আবেদন সম্পন্ন করতে পারবেন।

অন্যদিকে, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সরকার মানবিক বিবেচনায় এক বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। যেসব এন্ট্রি ভিসার মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে বা দ্রুতই শেষ হতে যাচ্ছে, সেই সব ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত এক মাস বৃদ্ধি করা হয়েছে। এর ফলে যেসব কর্মী ফ্লাইটের অভাবে নির্ধারিত সময়ে ফিরতে পারেননি, তারা বাড়তি সময় পাচ্ছেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিবেশে প্রবাসী কর্মীদের কর্মসংস্থান সুরক্ষা এবং তাদের আইনি জটিলতা নিরসনের লক্ষ্যেই সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কর্মীদের আতঙ্কিত না হয়ে নির্ধারিত প্রক্রিয়ায় নিয়োগকর্তা বা অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়