News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৫, ১৫ মার্চ ২০২৬

সংবিধানে সংস্কার পরিষদ বলতে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে সংস্কার পরিষদ বলতে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশন নিয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংবিধানিক ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট জানিয়েছেন, বর্তমান সংবিধান অনুযায়ী ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই। 

রবিবার (১৫ মার্চ) সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অংশ নেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনা প্রয়োজন।

তিনি স্পষ্ট করেছেন যে, রাষ্ট্রপতি কোনো ‘সংস্কার পরিষদ’-এর অধিবেশন আহ্বান করেননি এবং বর্তমান অধিবেশন সাংবিধানিকভাবে জাতীয় সংসদে অনুষ্ঠিত হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদের আওতায় যে পরিষদের কথা বলা হচ্ছে, তার সাংবিধানিক বৈধতা নিয়ে ইতোমধ্যেই আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে এবং এ বিষয়ে রুল জারি রয়েছে। বিষয়টি বর্তমানে বিচার বিভাগের বিবেচনায় রয়েছে। 

তিনি বলেন, সংবিধান অনুযায়ী বর্তমানে কোনো ‘সংস্কার পরিষদ’-এর অস্তিত্ব নেই। যদি গণভোটের মাধ্যমে এ ধরনের পরিষদ গঠন করতে হয়, তাহলে আগে সংবিধানে সংশোধনী আনা হবে। সংসদে আলোচনার পর সংবিধান সংশোধিত হলে তবেই পরিষদ গঠন ও শপথ গ্রহণের বিষয়টি কার্যকর হবে।

আরও পড়ুন: স্পিকারের সভাপতিত্বে ত্রয়োদশ সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তারা দলের প্রাথমিক সদস্যপদ এখনও বহাল রেখেছেন এবং দল ত্যাগ করেননি। তাই সংবিধানের ৭০ অনুচ্ছেদ এই মুহূর্তে প্রযোজ্য নয়। এটি প্রযোজ্য হবে শুধুমাত্র তখন, যখন কেউ দল ত্যাগ করবেন।

এর আগে, গত বৃহস্পতিবার (১২ মার্চ) নতুন সংসদের যাত্রা শুরু হওয়ার পর রাষ্ট্রপতির ভাষণের পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা করেছিলেন।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনের দিনের কার্যসূচিতে প্রশ্নোত্তর পর্ব, জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে। প্রশ্নোত্তর পর্বে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়া হবে।

সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে। শনিবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের সময়সূচি ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা বরাদ্দ করা হয়েছে। এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য আটটি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ৯৭টি নোটিশ পাওয়া গেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়