News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০০, ১৫ মার্চ ২০২৬

স্পিকারের সভাপতিত্বে ত্রয়োদশ সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

স্পিকারের সভাপতিত্বে ত্রয়োদশ সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয়েছে।

সংসদ নেতা তারেক রহমানসহ সরকারি দলের সংসদ সদস্যরা অধিবেশনে উপস্থিত রয়েছেন। এছাড়া গত বৃহস্পতিবার প্রদত্ত রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এবং সেই প্রস্তাবের ওপর বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

রবিবার (১৫ মার্চ) সকাল ১১টায় দিনের কার্যসূচির শুরুতে প্রশ্নোত্তর পর্ব এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ নিষ্পত্তির বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে। 
প্রধানমন্ত্রীর জন্য আটটি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে।

আজকের বৈঠকের কার্যসূচিতে রয়েছে প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১)-এর আওতায় প্রাপ্ত নোটিশ নিষ্পত্তি, এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব ও তাতে আলোচনা। জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, প্রশ্নোত্তর পর্বে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হবে।

আরও পড়ুন: প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে। তবে প্রয়োজন অনুযায়ী অধিবেশনের সময়সূচি ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দিয়েছে সংসদের কার্য উপদেষ্টা কমিটি।

গত বৃহস্পতিবার প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদকে ভাষণ প্রদান করেন। সেই সময় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান এবং জামায়াত জোটের কিছু সংসদ সদস্য ভাষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ওয়াকআউট করেছিলেন। আজকের অধিবেশনে তারা উপস্থিত থেকে কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। এদিন জামালপুরের বিএনপি সাংসদ সুলতান মাহমুদ বাবু কক্সাবাজারের আলমগীর মুহাম্মদ মাহমুল্লাহ ফরিদকে প্রশ্ন উত্থাপন করেন। বিরোধী দলের নেতা শফিকুর রহমান জুলাই সংক্রান্ত বিষয়ে বক্তব্য দিতে চাইলে স্পিকার এক ঘণ্টার প্রশ্নোত্তর পর্ব শেষে সময় দেওয়ার আশ্বাস দেন।

শনিবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সূচি, কার্যক্রম ও রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময় বরাদ্দ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটি রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা বরাদ্দ করেছে। এছাড়া ২৭টি মনোযোগ আকর্ষণের নোটিশ (বিধি-৭১) এবং ৯৭টি সিদ্ধান্ত-প্রস্তাব (বিধি-১৩১) জমা পড়েছে।

এর আগে অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে অনুমোদিত হয়। ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এই অধিবেশন দেশের জন্য এক গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে প্রশ্নোত্তর, নোটিশ নিষ্পত্তি ও রাষ্ট্রপতির ভাষণের ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়