News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৩, ১৫ মার্চ ২০২৬

দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ৪ অঞ্চলে সতর্কতা

দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ৪ অঞ্চলে সতর্কতা

ফাইল ছবি

চৈত্র মাসের শুরুতেই দেশের প্রকৃতিতে বৈরী আবহাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

রবিবার (১৫ মার্চ) দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। একই সাথে রাজধানী ঢাকাসহ সারা দেশেই বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সরকারি এই সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, আজ দুপুর ১টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই ঝড়ের সাথে অস্থায়ীভাবে প্রবল বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে এই চার অঞ্চলের নৌবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এবং ছোট নৌযানগুলোকে তীরের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।

কেবল নির্দিষ্ট চারটি অঞ্চলই নয়, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসেও বৃষ্টির কথা বলা হয়েছে। 

আরও পড়ুন: আসছে বৃষ্টি বলয় ‘গোধূলি’, দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা

আবহাওয়া অফিস জানায়, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আকাশজুড়ে বিদ্যুৎ চমকানো এবং বজ্রপাতের বিষয়েও সাধারণ মানুষকে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। 
আবহাওয়াবিদদের মতে, চৈত্র মাসে এমন হঠাৎ ঝড়ো হওয়া ও বজ্রবৃষ্টি স্বাভাবিক হলেও এবার উত্তর ও পূর্বাঞ্চলের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ফসলের ক্ষয়ক্ষতির কারণ হতে পারে।

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পৃথক পূর্বাভাসে বলা হয়েছে, আজ এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, তবে ঝড়ের সময় তা অস্থায়ীভাবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। গতকাল শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আজ রবিবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৭ মিনিটে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়