আসছে বৃষ্টি বলয় ‘গোধূলি’, দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা
ফাইল ছবি
সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি ও বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের আধিক্যজনিত কারণে তৈরি হওয়া গুমোট পরিস্থিতির অবসান হতে যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ও পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, আজ বুধবার (১১ মার্চ) থেকে পরবর্তী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ১৩ থেকে ১৭ মার্চের মধ্যে ‘গোধূলি’ নামক একটি আংশিক বৃষ্টি বলয় সক্রিয় হওয়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া পর্যবেক্ষকরা।
আবহাওয়া পর্যবেক্ষণভিত্তিক সংগঠন বিডব্লিউওটির পরিচালক ওমর খৈয়াম এই বৃষ্টি বলয়ের নামকরণ করেছেন।
আবহাওয়া পর্যবেক্ষকদের মতে, বিকেল থেকে সন্ধ্যার মধ্যে অধিকাংশ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকায় এর নাম রাখা হয়েছে ‘গোধূলি’।
তাদের মতে, দেশে তাপমাত্রা বৃদ্ধি এবং বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার কারণে বজ্রসহ বৃষ্টিপাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। এর ফলেই আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের উত্তর-পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে বৃষ্টি বলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। এসব এলাকায় বৃষ্টি বলয় সক্রিয় থাকাকালে একাধিক দফায় ঝড়বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য এলাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন স্থানে পুরো সময়জুড়ে এক থেকে দুই দফা ঝড়বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকলেও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে এক দফা বৃষ্টি হতে পারে।
সামগ্রিকভাবে দেশের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ এলাকায় উল্লেখযোগ্য ঝড়বৃষ্টি দেখা যেতে পারে। অন্যদিকে বাকি এলাকাগুলোতে বৃষ্টি বলয়ের প্রভাব তুলনামূলক কম থাকতে পারে এবং কিছু স্থানে দুই-এক দিন ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে এটি আংশিক বৃষ্টি বলয় হওয়ায় একই সময়ে দেশের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ এলাকা বৃষ্টিবিহীনও থাকতে পারে।
আবহাওয়া পর্যবেক্ষকদের মতে, আবহাওয়া স্বাভাবিকভাবেই পরিবর্তনশীল। তাই বৃষ্টি বলয়ের সক্রিয়তা কম-বেশি হতে পারে এবং সম্ভাব্য এলাকার সংখ্যাও পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে। এ বিষয়ে সময় সময় নতুন তথ্য জানানো হবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বুধবার (১১ মার্চ) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ অনুমতির অনুরোধ বাংলাদেশের
সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, যশোর ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সংস্থাটি জানিয়েছে, এ পরিস্থিতিতে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে বুধবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে আগামী সপ্তাহের শেষের দিকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসতে পারে।
নিউজবাংলাদেশ.কম/পলি








