সংসদে খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের স্মরণে শোকপ্রস্তাব
ছবি: সংগৃহীত
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। অধিবেশনের শুরুতেই স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হন। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। এরপরই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোকপ্রস্তাব উত্থাপন ও সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়।
শোকপ্রস্তাব উত্থাপনকালে বলা হয়, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়েছে। মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় নেতা হিসেবে দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদান চিরস্মরণীয় এ কথা উল্লেখ করে সংসদ তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে।
শোকপ্রস্তাবে দেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার মৃত্যুতেও সংসদ শোক প্রকাশ করে। এ তালিকায় রয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
এছাড়া সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সাবেক সভাপতি ডা. এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরীসহ মোট ৩১ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোকপ্রস্তাব আনা হয়। তাদের জীবনবৃত্তান্তসহ শোকপ্রস্তাব সংসদে পাঠ করা হয়।
তালিকায় থাকা উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, মেজর জেনারেল (অব.) কে. এম. সফিউল্লাহ, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, মোস্তফা মোহসীন মন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম খন্দকার এবং রমেশ চন্দ্র সেনসহ আরও অনেকে।
আরও পড়ুন: মন্ত্রিসভায় নতুন মুখ আহমেদ আযম খান
শোকপ্রস্তাব উত্থাপনের সময় বিরোধীদলীয় উপনেতা বলেন, উত্থাপিত শোকপ্রস্তাবটি একপেশে। এ সময় জামায়াত নেতা ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামারুজ্জামান, মীর কাসেম আলী ও কাদের মোল্লাসহ কয়েকজন নেতার নাম শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি জানান সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
একই সঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম শরিফ ওসমান বিন হাদি, আবরার ফাহাদ এবং ফেলানী খাতুনের নামও শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
এ বিষয়ে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিরোধী দলের প্রস্তাবিত নামগুলো এবং অন্য যেসব নাম বাদ পড়েছে সেগুলো শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে।
এ সময় স্পিকার ২০২৪ সালের ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীসহ ওই দুর্ঘটনায় নিহত সকলের নামও শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার কথা জানান।
শোকপ্রস্তাব উত্থাপনের পর প্রয়াতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে সংসদ সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে শোকপ্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সংসদ সচিবালয় জানিয়েছে, গৃহীত শোকপ্রস্তাবের অনুলিপি সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের কাছে পাঠানো হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








