মন্ত্রিসভায় নতুন মুখ আহমেদ আযম খান
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালেই মন্ত্রিসভায় নতুন সদস্য হিসেবে যুক্ত হলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি আজ বেলা পৌনে একটার দিকে মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে আহমেদ আযম খানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এরপরই সংসদ ভবনের এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাষ্ট্রপতি তাকে শপথ পড়ান। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের বিরতির সময় এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে মন্ত্রী হিসেবে শপথ নিলেও তাকে এখনও কোনো নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি।
সংসদীয় বিধি মোতাবেক স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হওয়ার পর পূর্বতন মন্ত্রীদের পদ ত্যাগ করতে হয়। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপতি তাদের শপথ পাঠ করানোর পর তারা আর মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে পারছেন না। এই শূন্যতা পূরণের অংশ হিসেবেই অ্যাডভোকেট আহমেদ আযম খানকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছে সরকার।
আরও পড়ুন: ত্রয়োদশ সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ
অ্যাডভোকেট আহমেদ আযম খান বিএনপির একজন প্রবীণ ও দক্ষ রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিন বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্ব পালনসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এছাড়া টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ১ লাখ ১৩ হাজার ২১৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর (হরিণ প্রতীক) পান ৭৬ হাজার ৪৪৮ ভোট। ৩৬ হাজার ৭৬৬ ভোটের ব্যবধানে জয়ী হয়ে তিনি সংসদে আসেন।
শপথ গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত এই মন্ত্রী সখীপুর-বাসাইলের সামাজিক ও রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন। তিনি দল-মত নির্বিশেষে সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বসুলভ আচরণ বজায় রাখার জন্য বিশেষ আহ্বান জানান।
নিউজবাংলাদেশ.কম/পলি








