বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
সরকারি দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে বৈঠক শুরু হয়। বিএনপির একজন সংসদ সদস্য সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ সংসদ অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। সংবিধান অনুযায়ী, কোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম বৈঠক আহ্বান করতে হয়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে আহ্বান করেছেন। সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। প্রথম অধেশনের সময়কাল চূড়ান্ত না হলেও জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এটি নির্ধারণ করা হবে।
আরও পড়ুন: ১২ দিনে মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট বাতিল
বিএনপি সূত্রে জানা গেছে, সংসদের শীর্ষ পদগুলোতে অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিকে বসানোর পরিকল্পনা রয়েছে। স্পিকার পদে দলের স্থায়ী কমিটির দুই সদস্য আবদুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমদ এবং সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে হাফিজ উদ্দিন আহমদের বিষয়ে আলোচনা বেশি হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








