News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫০, ১৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৫:৫৫, ১৭ ডিসেম্বর ২০২৫

হাদির ওপর হামলা: ভুয়া নম্বর প্লেট-মোটরসাইকেল উদ্ধার

হাদির ওপর হামলা: ভুয়া নম্বর প্লেট-মোটরসাইকেল উদ্ধার

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসইকেলটি উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

হামলার সময় ওই মোটরসাইকেলে যে ভুয়া নম্বর প্লেটটি ব্যবহার করা হয়েছিল, সেটি উদ্ধার করা হয়েছে ম্যানহোল থেকে।

বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশাযোগে যাওয়ার সময় শরীফ ওসমান হাদির ওপর মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি হামলা চালায়। তাদের একজন খুব কাছ থেকে হাদির মাথায় গুলি করে।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে র‍্যাব-২ হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর শনাক্ত করে। নম্বরটি ছিল- ঢাকা মেট্রো-ল ৫৪-৬৩৭৬, যা ইংরেজি অক্ষরে লেখা ছিল। ওই নম্বর প্লেটের সূত্র ধরে র‍্যাব মোটরসাইকেলের মালিক হিসেবে আব্দুল হান্নানকে শনাক্ত করে। এরপর শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ের এভিনিউ-২, সি-ব্লকের ২ নম্বর বাসা থেকে মোটরসাইকেলের মালিক সন্দেহে তাকে আটক করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে র‍্যাব-২-এর উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব বাড়ৈ তাকে পল্টন থানায় হস্তান্তর করেন। পরে পল্টন থানা পুলিশ আদালতে ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ড আবেদন করে, যা মঞ্জুর করেন আদালত।

তবে ঢাকা পোস্টেরএক  অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে- র‍্যাব-২ যে মোটরসাইকেলের মালিককে আটক করেছিল, সেটি ছিল ঢাকা মেট্রো-ল ৫৪-৬৩৭৫ সিরিয়ালের সুজুকি জিক্সার এসএফ মডেলের একটি মোটরসাইকেল। অথচ সিসিটিভি ফুটেজে দেখা যায়, শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি ছিল হোন্ডা হর্নেট, যার নম্বর ঢাকা মেট্রো-ল ৫৪-৬৩৭৬। অর্থাৎ হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরের শেষ ডিজিট ছিল ‘৬’, কিন্তু আটক করা হয় শেষ ডিজিট ‘৫’ থাকা মোটরসাইকেলের মালিককে। 

হাদিকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সিঙ্গাপুরে চিকিৎসা সফল না হওয়ায় তাকে বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে স্থানান্তরের পরিকল্পনা চলছে। সেখানে তার মাথায় একটি জটিল অস্ত্রোপচার করানোর প্রস্তুতি রয়েছে। 

আরও পড়ুন: সিঙ্গাপুরে চিকিৎসা ব্যর্থ, হাদিকে যুক্তরাজ্যে নেওয়ার পরিকল্পনা

তবে এত দীর্ঘ ভ্রমণের জন্য তার শারীরিক অবস্থা উপযোগী কি না, সে বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের সবুজ সংকেত পাওয়া জরুরি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনপ্রবাসী আইনজীবী ও ব্যবসায়ী সাইফ উদ্দিন খালেদ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে জানান, শরিফ ওসমান হাদিকে যুক্তরাজ্যে আনার চেষ্টা চলছে এবং এ জন্য সবার দোয়া কামনা করেন। 


জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন।

চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়