নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১২, ১৭ ডিসেম্বর ২০২৫

সিঙ্গাপুরে চিকিৎসা ব্যর্থ, হাদিকে যুক্তরাজ্যে নেওয়ার পরিকল্পনা

সিঙ্গাপুরে চিকিৎসা ব্যর্থ, হাদিকে যুক্তরাজ্যে নেওয়ার পরিকল্পনা

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সিঙ্গাপুরে চিকিৎসা সফল না হওয়ায় তাকে বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে স্থানান্তরের পরিকল্পনা চলছে। সেখানে তার মাথায় একটি জটিল অস্ত্রোপচার করানোর প্রস্তুতি রয়েছে। 

তবে এত দীর্ঘ ভ্রমণের জন্য তার শারীরিক অবস্থা উপযোগী কি না, সে বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের সবুজ সংকেত পাওয়া জরুরি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনপ্রবাসী আইনজীবী ও ব্যবসায়ী সাইফ উদ্দিন খালেদ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে জানান, শরিফ ওসমান হাদিকে যুক্তরাজ্যে আনার চেষ্টা চলছে এবং এ জন্য সবার দোয়া কামনা করেন। 

তার সেই বক্তব্য উদ্ধৃত করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর নেতা মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু নিজের ফেসবুক পোস্টে লেখেন, ওসমান বিন হাদির বর্তমান শারীরিক অবস্থার জন্য যে ধরনের অস্ত্রোপচার প্রয়োজন, তা সিঙ্গাপুরে যথাযথভাবে করা সম্ভব হচ্ছে না। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কিংবা মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এই অপারেশনের প্রয়োজনীয় ব্যবস্থাপনা নেই বলেও তিনি উল্লেখ করেন। 

তিনি আরও জানান, যদি সম্ভব হয় হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত কুইন এলিজাবেথ হাসপাতালে নেওয়া গেলে শেষবারের মতো একটি কার্যকর চিকিৎসা চেষ্টা করা যেতে পারে। 

এ বিষয়ে যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশিদের সহযোগিতা কামনা করে মঞ্জু বলেন, কেউ যদি সহায়তা করতে আগ্রহী হন, তাহলে ওসমান হাদির ট্রিটমেন্ট সামারি পাঠানো যাবে। এ জন্য আগ্রহীদের ইনবক্সে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন: সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক

বুধবার (১৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের শীর্ষ এক নেতা বিষয়টি নিশ্চিত করে বলেন, শরিফ ওসমান হাদির মাথায় অত্যন্ত জটিল একটি অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু এই ধরনের অস্ত্রোপচারের জন্য সিঙ্গাপুরের হাসপাতালে পর্যাপ্ত ব্যবস্থা নেই। অন্যদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত কুইন এলিজাবেথ হাসপাতালে এ ধরনের চিকিৎসার উন্নত সুযোগ রয়েছে। শুরুতে ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যে অবস্থানরত কয়েকজন শুভাকাঙ্ক্ষী শরিফ ওসমান হাদিকে যুক্তরাজ্যে নেওয়ার উদ্যোগ নেন। পরে বিষয়টি সরকারিভাবেও গুরুত্ব পায়। একজন উপদেষ্টা এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করছেন বলে জানা গেছে। তবে সব প্রস্তুতি সম্পন্ন হলেও শরিফ ওসমান হাদিকে এত দীর্ঘ সফরে নেওয়ার মতো শারীরিক সক্ষমতা রয়েছে কি না, তা নির্ভর করছে সিঙ্গাপুরের চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর। চিকিৎসকেরা ভ্রমণের অনুমতি না দিলে তাকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সামাজিক মাধ্যমে প্রকাশিত পোস্টগুলোতে সাইফ উদ্দিন খালেদ লিখেছেন, হাদিকে যুক্তরাজ্য আনার চেষ্টা চলছে। সবার কাছে দোয়ার অনুরোধ। 

অন্যদিকে মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু উল্লেখ করেছেন, আমাদের প্রিয় ভাই ওসমান বিন হাদির যথাযথ চিকিৎসা মূলত সিঙ্গাপুরে সম্ভব না। তার এখন যে অপারেশনটা দরকার, সেটার প্রোপার ম্যানেজমেন্ট সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল বা মাউন্ট এলিজাবেথের নেই। তাকে যদি কোনোভাবে যুক্তরাজ্যের বার্মিংহামে কুইন এলিজাবেথ হাসপাতালে নেওয়া যেত, তাহলে শেষ একটা চেষ্টা করা যেত। যুক্তরাজ্যে অবস্থানরত ভাই-বোনদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা যদি কেউ সাহায্য করতে পারেন, তাহলে ওসমান হাদির ট্রিটমেন্ট সামারি পাঠাতে পারব। অনুগ্রহ করে ইনবক্সে নক করলে বাধিত হব।

বর্তমানে সব প্রস্তুতি সত্ত্বেও শরিফ ওসমান হাদিকে যুক্তরাজ্যে নেওয়া সম্ভব হবে কি না, তা নির্ভর করছে সিঙ্গাপুরের চিকিৎসকদের চূড়ান্ত অনুমতির ওপর। অনুমতি মিললে তাকে বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে স্থানান্তর করে জটিল অস্ত্রোপচারের শেষ চেষ্টা করা হবে। অনুমতি না মিললে এই উদ্যোগ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়