নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫৫, ১৪ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় নিরাপত্তায় পুলিশের ৫ নির্দেশনা

দুর্গাপূজায় নিরাপত্তায় পুলিশের ৫ নির্দেশনা

ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা সার্বজনীন, নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে আয়োজক ও দর্শনার্থীদের জন্য পাঁচ দফা জরুরি নিরাপত্তা নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রোধ, পূজামণ্ডপের নিজস্ব নিরাপত্তা জোরদার, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, বিসর্জনে নির্দিষ্ট পথ ব্যবহার এবং জরুরি প্রয়োজনে দ্রুত যোগাযোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের অসত্য তথ্য, উসকানিমূলক বক্তব্য বা বিভ্রান্তিকর খবর প্রচারিত হলে তা যাচাই না করে ছড়ানো যাবে না। কোনো তথ্যের সত্যতা নিশ্চিত না হয়ে লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকে সর্বসাধারণকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন।

পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে আয়োজকদের বেশ কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মণ্ডপে নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থানপথের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা জোরদারে ব্যাগ, থলে বা পোটলা নিয়ে মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন নিশ্চিত করতে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে আর্চওয়ে গেট স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং যেকোনো সময়ে বিদ্যুৎ বিভ্রাট সামাল দিতে বিকল্প হিসেবে স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইট প্রস্তুত রাখার তাগিদ দেওয়া হয়েছে।

এছাড়া মণ্ডপ ও এলাকাভিত্তিক সুরক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের সহজে শনাক্ত করার সুবিধার্থে তাঁদের জন্য আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র এবং স্বেচ্ছাসেবক লেখা স্পষ্ট আর্মব্যান্ড ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দুর্গাপূজায় ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ: আইজিপি

ধর্মীয় সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে সব ধর্মের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর জোর দিয়েছে পুলিশ। বিশেষ করে আজান ও নামাজের সময় মসজিদ সংলগ্ন পূজামণ্ডপগুলোতে এবং প্রতিমা বিসর্জনের সময় মাইক বা শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখতে বলা হয়েছে। পূজা উদ্‌যাপনকালে পটকা ফোটানো ও আতশবাজি বাজি পোড়ানো থেকে বিরত থাকতে সর্বসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত রুট অনুসরণ এবং স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্থানেই বিসর্জন কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

যেকোনো জরুরি প্রয়োজনে সহায়তার জন্য পুলিশ ও ফায়ার সার্ভিসের বিভিন্ন জরুরি কন্ট্রোল রুমের নম্বর প্রকাশ করা হয়েছে:

জাতীয় জরুরি সেবা: ৯৯৯ (২৪ ঘণ্টা সার্বক্ষণিক পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে)।
পুলিশ হেডকোয়ার্টার্স কন্ট্রোল রুম: ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি): ০২২২৩৩৫৫৫০০, ০১৮১৭৬০২০৫০।
ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুম: ০২৯৬১১৩৫৩, ০১৭০৫৫০৫৫২৯।
এসআরবি কন্ট্রোল রুম: ০১৭৭৭৭২০০৯।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম: ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৭৩০৩৩৬৬৯৯।

এছাড়া জেলা পুলিশ সুপার (এসপি) ও নিজ নিজ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সরাসরি যোগাযোগের নম্বর জানতে বাংলাদেশ পুলিশের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট পরিদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়