News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৪, ২১ মার্চ ২০২৬

সপরিবারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সপরিবারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাবা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে সপরিবারে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন তিনি। প্রায় ১৭ বছর লন্ডনে অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই দেশে তার প্রথম ঈদ উদ্‌যাপন।

শনিবার সকাল সাড়ে আটটায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উপস্থিতিতে অনুষ্ঠিত এই জামাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 

নামাজ শেষে প্রধানমন্ত্রী সরাসরি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফিরে আসেন। সকাল থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাধারণ মানুষ, কূটনীতিক ও দলীয় নেতাকর্মীদের ঢল নামে যমুনা প্রাঙ্গণে। সকাল সাড়ে আটটায় মূল ফটক উন্মুক্ত করে দেওয়ার পর মুহূর্তেই পুরো এলাকা জনসমুদ্রে রূপ নেয়। প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে অত্যন্ত হাসিমুখে আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় ও করমর্দন করেন।

আরও পড়ুন: প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের

যমুনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এসময় উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমান এবং তার দুই কন্যা জাহিয়া রহমান ও জাফিয়া রহমান। পরিবারের সদস্যরা মিলে মরহুম পিতা-মাতার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।

পরিবারের সদস্যদের নিয়ে জিয়ারত শেষে বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারেক রহমান। এসময় মন্ত্রিসভার সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এজেডএম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য মীর শাহে আলম এবং প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা এটিএম শামসুল ইসলামসহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ।

জিয়া উদ্যান প্রাঙ্গণে প্রিয় নেতাকে এক নজর দেখতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ ভিড় জমান। এসময় প্রধানমন্ত্রী হাত নেড়ে উপস্থিত জনতার ঈদের শুভেচ্ছার জবাব দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, কবর জিয়ারত ও দোয়া শেষে প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে গুলশানের বাসভবনে ফিরে যান। দীর্ঘ দেড় যুগ পর দেশে তার এই প্রথম ঈদ উদ্‌যাপনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনসহ সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়