বৃষ্টিভেজা সকালে বায়তুল মোকাররমে ঈদের চতুর্থ জামাতে মুসল্লিদের ঢল
ছবি: সংগৃহীত
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের নামাজের চতুর্থ জামাত সম্পন্ন হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী। জামাত শেষে মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে আকুতি জানান হাজারো মুসল্লি।
সরেজমিনে দেখা যায়, চতুর্থ জামাত শুরুর আগে থেকেই শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই জাতীয় মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। এর আগের তিনটি জামাতের মতো চতুর্থ জামাতেও কয়েক হাজার মুসল্লি অংশ নেন। সকাল থেকেই মসজিদ প্রাঙ্গণ ও এর চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
এর আগে সকাল ৭টায় জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমানের নেতৃত্বে প্রথম জামাত, ৮টায় পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভীর ইমামতিতে দ্বিতীয় জামাত এবং ৯টায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেনের নেতৃত্বে তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাতে মুসল্লিরা দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন।
আরও পড়ুন: ঈদে দুপুরের মধ্যে ১৫ জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
চতুর্থ জামাত শেষে মুসল্লিদের মধ্যে আবেগঘন মুহূর্তের দৃশ্যও দেখা যায়; অনেকেই চোখের জলে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। মোনাজাতে মৃত আত্মীয়-স্বজনদের জন্য জান্নাত কামনা, রমজান মাসের রোজা ও অন্যান্য এবাদত কবুলের জন্য আর্তি, এবং বিশ্বের বিভিন্ন দেশে নিপীড়িত মুসলমানদের সুরক্ষার জন্য বিশেষ দোয়া করা হয়। দেশের উপর যেসব বিপদ ও বালা-মুসিবত রয়েছে, তা থেকে বেঁচে থাকতে মহান আল্লাহর রহমত কামনাও মোনাজাতে অন্তর্ভুক্ত থাকে।
নির্ধারিত সময় অনুযায়ী ১০টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ-এর ইমামতিতে পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








