ঈদের দিন দেশজুড়ে বৃষ্টির শঙ্কা, কোথাও হতে পারে বজ্রসহ বর্ষণ
ছবি: সংগৃহীত
দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর শনিবার (২১ মার্চ) সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে উৎসবের দিনেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বর্ষণের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকার পূর্বাভাসেও শনিবার সকালে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখানো হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, ঈদের দিন সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কম, কোথাও বেশি বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি সাধারণত এক ঘণ্টার বেশি স্থায়ী হওয়ার আশঙ্কা কম।
তিনি জানান, সকালে ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের দিকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
এ সময় দেশের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো, বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: পদ্মা-যমুনা সেতুতে এক দিনে যানবাহন পারাপার ও টোল আদায়ে নতুন রেকর্ড
আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ২১ মার্চ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। উপকূলীয় ও উত্তরাঞ্চলের কিছু এলাকায় ঝোড়ো আবহাওয়ার ঝুঁকিও বেশি থাকতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








