News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪৭, ১৮ মার্চ ২০২৬
আপডেট: ১৮:৪৮, ১৮ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের জন্য সন্তান জন্মদান ও চাকরি নিষিদ্ধ

যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের জন্য সন্তান জন্মদান ও চাকরি নিষিদ্ধ

ফাইল ছবি

বাংলাদেশি নাগরিকদের জন্য বি১-বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নতুন ও কঠোর সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। 

বুধবার (১৮ মার্চ) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বার্তায় জানানো হয়েছে, এই ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে নির্দিষ্ট কিছু কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং নিয়ম লঙ্ঘন করলে কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

মার্কিন দূতাবাসের বিশেষ নির্দেশনায় স্পষ্টভাবে জানানো হয়েছে, বি১-বি২ ভিজিটর ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া যাবে না। মূলত শিশুর জন্য জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে অনেকেই এই ভিসার অপব্যবহার করেন, যা আন্তর্জাতিকভাবে ‘বার্থ ট্যুরিজম’ নামে পরিচিত। দূতাবাস বিষয়টিকে ভিসার নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে এবং বাংলাদেশিদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

ভিসা নীতিমালার বরাত দিয়ে দূতাবাস আরও জানিয়েছে, ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন কোনো ব্যক্তি কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠানের অধীনে পারিশ্রমিকের বিনিময়ে কাজ করতে পারবেন না। অর্থাৎ, এই ভিসায় দেশটিতে প্রবেশ করে বেতনভিত্তিক কোনো কর্মসংস্থানে যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। তবে ব্যবসায়িক আলোচনা বা সম্মেলনে অংশগ্রহণের মতো স্বল্পমেয়াদি অনুমতি বজায় থাকবে। এককথায়, কোনো ধরনের আর্থিক সুবিধা বা পারিশ্রমিক পাওয়া যায় এমন কাজ এই ভিসার আওতাভুক্ত নয়।

আরও পড়ুন: ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুতে এখনো সুখবর নেই

ভ্রমণ ভিসার অপব্যবহার রোধে পড়াশোনার বিষয়েও কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। দূতাবাসের তথ্যমতে, বি১-বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো ডিগ্রি অর্জন বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা যাবে না। কেউ যদি দেশটিতে পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে ভর্তি হতে চান বা একাডেমিক শিক্ষা গ্রহণ করতে চান, তবে তাকে অবশ্যই আলাদাভাবে স্টুডেন্ট ভিসা (এফ-১) গ্রহণ করতে হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন ও ভিসা সংক্রান্ত নীতিমালায় যে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে, তারই ধারাবাহিকতায় এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। 

দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর দীর্ঘমেয়াদি বা স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়