News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২০, ১৬ মার্চ ২০২৬

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুতে এখনো সুখবর নেই

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুতে এখনো সুখবর নেই

ফাইল ছবি

বাংলাদেশি নাগরিকদের জন্য স্থগিত থাকা ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সুখবর নেই। তবে ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এটি চালু হলে যথাসময়ে তা জানানো হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সাথে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য যে, চলতি মাসের শুরুর দিকে (২ মার্চ) ভারতীয় হাইকমিশনার দ্রুতই ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে সোমবারের বক্তব্যে সেই তুলনায় কিছুটা ভিন্ন সুর লক্ষ্য করা গেছে। 

পর্যটন ভিসা কবে নাগাদ চালু হতে পারে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রণয় ভার্মা বলেন, ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে। যখন এটি চালু হবে, তখনই তা জানা যাবে। 

আরও পড়ুন: ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ

আপাতত কোনো নির্দিষ্ট তারিখ বা সময়সীমা উল্লেখ না করায় ভিসা প্রত্যাশীদের অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে হাইকমিশনার জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ক্রস-বর্ডার পাওয়ার এবং এনার্জি কানেক্টিভিটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই দেশের অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত করতে এই সংযোগগুলোকে কীভাবে আরও শক্তিশালী ও বেগবান করা যায়, সে বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেছেন।

বৈঠকে ভিসা ইস্যুর পাশাপাশি দুই দেশের মধ্যে চলমান বিভিন্ন উন্নয়নমূলক ও দ্বিপাক্ষিক প্রকল্পগুলোর বর্তমান অবস্থা নিয়ে পর্যালোচনা করা হয়। প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় দেশ একমত পোষণ করেছে। ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যেতে এনার্জি খাতের সহযোগিতা বড় ভূমিকা রাখবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়