ট্রেনে ফিরতি যাত্রা, আজ মিলছে ২৮ মার্চের টিকিট
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ফিরতি যাত্রার টিকিট বিক্রির ষষ্ঠ দিন আজ।
বুধবার (১৮ মার্চ) বিক্রি হচ্ছে আগামী ২৮ মার্চের ট্রেনের টিকিট। বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। এ সময় পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। অন্যদিকে, দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ২৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ এবং ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ। এছাড়া ২৭ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
আরও পড়ূন: ঈদ উপলক্ষ্যে লঞ্চের ভাড়া কমলো ১০ শতাংশ
এদিকে, ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহের সুযোগ থাকবে। তবে ঈদ উপলক্ষে কেনা কোনো টিকিট ফেরতযোগ্য নয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








