বাস কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে: ডিএমপি কমিশনার
ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার। ছবি: সংগৃহীত
ঈদকে সামনে রেখে গণপরিবহনে ভাড়া নিয়ন্ত্রণ ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদের সময় বাস কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে এবং কোনো লক্কর-ঝক্কর বাস সড়কে চলতে দেওয়া হবে না। এ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল-এ গণপরিবহন চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, এবারের ঈদে টার্মিনালসহ মহানগরজুড়ে ব্যাপকসংখ্যক ডিবি, সোয়াট এবং ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্দিষ্ট সময় ট্রাক ও লরি চলাচল বন্ধ রাখা হবে। কোনো অবস্থাতেই যাত্রীদের হয়রানি করা যাবে না।
এ সময় ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার আনিছুর রহমান বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার চার্টের চেয়ে বেশি ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট গাড়ির রুট পারমিট বাতিল করা হবে।
আরও পড়ুন: ঈদের আগে শ্রমিকদের সব পাওনা পরিশোধ করতে নির্দেশ শ্রমমন্ত্রীর
এদিকে যাত্রীদের ভোগান্তি কমাতে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস।
নিউজবাংলাদেশ.কম/এসবি








