উদ্বোধনের আগেই ফ্যামিলি কার্ডে টাকা পেয়ে উচ্ছ্বসিত কড়াইল বস্তিবাসী
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ঢাকার কড়াইল বস্তিবাসীর অনেকের অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা জমা হয়েছে। ফলে তাদের চোখেমুখে এখন ঈদের আনন্দ।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে মহাখালীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে ফ্যামিলি কার্ড উদ্বোধন উপলক্ষে নিম্নআয়ের সাধারণ মানুষ জড়ো হন। এ সময় অনেকের মুঠোফোনে সরকারি বার্তার মাধ্যমে টাকা জমা হওয়ার তথ্য পৌঁছেছে বলে জানা গেছে।
ঈদের আগে এই রাষ্ট্রীয় অর্থ সহায়তা পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েছেন।
এই কর্মসূচির আওতায় এবার চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। পরীক্ষামূলক প্রকল্প হিসেবে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
আরও পড়ুন: মঙ্গলবার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আজই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার জানিয়েছে, কার্ড বিতরণে কোনো দলীয় প্রভাব থাকবে না এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








