ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসী সালেহ আহমদের মরদেহ ঢাকায়
ছবি: সংগৃহীত
ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত দুবাই প্রবাসী সালেহ আহমদর মরদেহ ঢাকায় পৌঁছেছে।
সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ এসে পৌঁছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় দুবাই থেকে তার মরদেহ ঢাকায় আনা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহত সালেহ আহমদের বাড়ি বড়লেখা উপজেলায়। তিনি গাজিটেকা (বাঁশতলা) গ্রামের বাসিন্দা এবং মৃত সবর আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করতেন। সেখানে তিনি পানিবাহী গাড়ি চালকের কাজ করতেন।
গত ২৮ ফেব্রুয়ারি চলমান সংঘাতের মধ্যে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত হানলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিহত সালেহ আহমদের পরিবারে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








