সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
ছবি: সংগৃহীত
চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতারের তিনদিন পর অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১২ আগস্ট) দুপুরে ডনের পক্ষে তার আইনজীবী এম ফরিদুল ইসলাম, তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুরের আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সালমান শাহর পরিবারের আইনজীবী আবিদ হাসান।
আদালতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী ডনের জামিনের বিরোধিতা করে বক্তব্য দেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন নামঞ্জুর করেন।
জামিন আবেদনে বলা হয়, ডনের বিরুদ্ধে এজাহার ও গ্রেফতারি ফরোয়ার্ডিংয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি কথিত ঘটনার সঙ্গে জড়িত নন। তাই তাকে জামিন দেওয়া প্রয়োজন।
জানা গেছে, সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়ার পর সিআইডি তাকে হেফাজতে নেয়। সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। প্রথম দিকে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরে এ ঘটনায় হত্যা মামলা করা হয়। মামলার তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম উঠে আসে।
২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি করেন।
আরও পড়ুন: মুরগির বিষ্ঠা নিয়ে সংঘর্ষ, কারাগারে জামায়াতের ৩ নেতা
মামলার অন্য আসামিরা হলেন- সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








