News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৯, ১৭ মার্চ ২০২৬
আপডেট: ১৪:৪০, ১৭ মার্চ ২০২৬

জ্বালানি সংকটে সাপ্তাহিক ছুটি তিন দিন করল শ্রীলঙ্কা

জ্বালানি সংকটে সাপ্তাহিক ছুটি তিন দিন করল শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় শ্রীলঙ্কা প্রতি বুধবার সরকারি ছুটি ঘোষণা করেছে। এর ফলে দেশটিতে সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বেড়ে দাঁড়িয়েছে তিন দিনে।

সোমবার (১৬ মার্চ) জরুরি বৈঠকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক বলেন, “আমাদের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে, তবে আমরা আশাবাদী।” নতুন এই সিদ্ধান্ত স্কুল ও বিশ্ববিদ্যালয়েও কার্যকর হবে। তবে স্বাস্থ্যসেবা ও ইমিগ্রেশনসহ জরুরি খাতগুলো এ ব্যবস্থার বাইরে থাকবে।

জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে চালকদের জন্য ন্যাশনাল ফুয়েল পাসে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। এর আওতায় ব্যক্তিগত গাড়ির জন্য ১৫ লিটার এবং মোটরসাইকেলের জন্য ৫ লিটার জ্বালানি বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। ২০২২ সালের অর্থনৈতিক সংকটের সময় চালু হওয়া এই ব্যবস্থা আবারও কার্যকর করা হয়েছে।

এদিকে জ্বালানি সংকট মোকাবিলায় এশিয়ার অন্যান্য দেশও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। থাইল্যান্ডে এয়ার কন্ডিশনারের ব্যবহার কমাতে জনগণকে হালকা পোশাক পরার আহ্বান জানানো হয়েছে। মিয়ানমারে লাইসেন্স প্লেট অনুযায়ী একদিন পরপর ব্যক্তিগত গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের রমজানের ছুটি এগিয়ে আনা ও লোডশেডিং চালু করা হয়েছে। এছাড়া ফিলিপাইনে সরকারি কর্মকর্তাদের সপ্তাহে অন্তত একদিন বাসা থেকে কাজ বাধ্যতামূলক করা হয়েছে এবং ভিয়েতনামে জ্বালানি সাশ্রয়ে গণপরিবহন ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০

বিশ্লেষকদের মতে, যুদ্ধের প্রভাবে তেলের বাজারে অস্থিরতা বেড়েছে। গত মাসে সংঘাত শুরুর পর থেকে প্রতি ব্যারেল তেলের দাম প্রায় ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় এশিয়ার দেশগুলো এখন মিতব্যয়ী নীতিতে ঝুঁকছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়