ঐক্যের বার্তা নিয়ে আইএসপিএবি’র ২৩তম বার্ষিক সাধারণ সভা
ছবি: সংগৃহীত
রাজধানীর আর্মি গলফ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হলো ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর ২৩তম বার্ষিক সাধারণ সভা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় শুরু হওয়া এ সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুলসংখ্যক সদস্য অংশ নেন।
সভায় সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি আমিনুল হাকিমের সভাপতিত্বে ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ২২তম সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। এরপর ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া। তিনি সংগঠনের বিগত বছরের কার্যক্রম, সদস্যসেবা, নীতিগত উদ্যোগ এবং খাত-সংক্রান্ত চ্যালেঞ্জ তুলে ধরেন।
শুভেচ্ছা বক্তব্যে জ্যেষ্ঠ সহসভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, সবার জন্য নিরবচ্ছিন্ন ও মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করতে সব আইএসপিকে একসঙ্গে কাজ করতে হবে। প্রযুক্তিনির্ভর অর্থনীতির এই সময়ে গ্রাহকসেবার মানোন্নয়ন, নেটওয়ার্ক স্থিতিশীলতা এবং নীতিগত সমন্বয় জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে দেখা যাবে ৬ বিরল ‘গ্রহ প্যারেড’
নিয়ম অনুযায়ী সভায় ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ। সদস্যদের মতামতের ভিত্তিতে হিসাব অনুমোদন করা হয় এবং নতুন নিরীক্ষক নিয়োগ দেওয়া হয়। সভায় সহসভাপতি নেয়ামুল হক খান, যুগ্ম মহাসচিব মাহবুব আলম ও ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন এবং পরিচালক রাশেদুর রহমান, মো. মিঠু হাওলাদার, সাব্বির আহমেদ, রাইসুল ইসলাম, মো. জুবায়ের ইসলাম ও এস এম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভা শেষে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-এর কর্মকর্তারা, সাংবাদিক, খাতসংশ্লিষ্ট ব্যবসায়ী নেতা ও অংশীজনদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সদস্যদের পারস্পরিক সম্পর্ক জোরদার ও খাতের সামগ্রিক অগ্রগতি নিয়ে মতবিনিময়ের লক্ষ্যেই এ আয়োজন।
সাধারণ সভা ও ইফতার মাহফিলে প্রবেশপথে অতিথিদের জন্য শুভেচ্ছা উপহার রাখে আয়োজনের পৃষ্ঠপোষক আইসিসি কমিউনিকেশন লিমিটেড।
নিউজবাংলাদেশ.কম/এমএএইচ/এনডি








