ভারতে মাইক্রোসফটের বৃহত্তম ডেটা সেন্টার চালু
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের প্রেক্ষাপটে ভারতে নিজেদের কার্যক্রম আরও সম্প্রসারণ করেছে মাইক্রোসফট। প্রতিযোগিতামূলক বাজারে অবস্থান শক্তিশালী করতে প্রতিষ্ঠানটি হায়দ্রাবাদে দেশের সবচেয়ে বড় ডেটা সেন্টার চালু করেছে। এর প্রাথমিক গ্রাহকদের মধ্যে রয়েছে আদানি গ্রুপ ও এইচডিএফসি ব্যাংক।
ইন্ডিয়া সাউথ সেন্ট্রাল নামে নতুন এই কেন্দ্র চালুর মাধ্যমে ভারতে মাইক্রোসফটের ক্লাউড অঞ্চলের সংখ্যা বেড়ে চারটিতে পৌঁছেছে। এর আগে পুনে, চেন্নাই ও মুম্বাইয়ে তাদের ক্লাউড অবকাঠামো ছিল। ফলে দেশটিতে ক্লাউড সেবার বাজারে মাইক্রোসফটের অবস্থান আরও শক্তিশালী হলো।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভারতে ক্লাউড সেবা অ্যাজিউর থেকে তাদের আয় গত দুই বছরে ধারাবাহিকভাবে দুই অঙ্কের হারে বেড়েছে। এ বাজারের সম্ভাবনাকে সামনে রেখে মাইক্রোসফট দেশে প্রায় ২০ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
এছাড়া ভারতীয় শিল্পগোষ্ঠী জিওর সঙ্গে যৌথভাবে দেশটিতে আরও দুটি ডেটা সেন্টার পরিচালনা করছে মাইক্রোসফট।
মাইক্রোসফট ইন্ডিয়ার প্রেসিডেন্ট পুনিত চান্দোক বলেন, এআইভিত্তিক সেবা কার্যকর করতে এমন নির্ভরযোগ্য অবকাঠামো প্রয়োজন, যা ডেটা সংরক্ষণ, কর্মপরিবেশ ও সিদ্ধান্ত গ্রহণের স্থানের কাছাকাছি থাকে। তার মতে, নতুন ডেটা সেন্টার সেই অবকাঠামো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভারতে এআইভিত্তিক প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদার কারণে গুগল ও অ্যামাজনের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানও দেশটিতে ডেটা সেন্টার সম্প্রসারণে বড় বিনিয়োগ করছে।
আরও পড়ুন: সামনে এলো আইফোন ১৮ প্রো ও আল্ট্রার সম্ভাব্য উন্মোচনের সময়
তবে এসব প্রকল্প নিয়ে বিতর্কও রয়েছে। পরিবেশবাদীদের অভিযোগ, গুগলের একটি পরিকল্পিত ডেটা সেন্টার প্রকল্পের ক্ষেত্রে পানি সরবরাহ ও বন্যপ্রাণীর ওপর সম্ভাব্য প্রভাব যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। যদিও ভারত সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








