ভক্তদের কথা ভেবেই নতুন সিনেমায় ফিরেছেন মিম
বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত
দীর্ঘদিন পর দেশের রূপালি পর্দায় ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তবে এই প্রত্যাবর্তনের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল তার ভক্তরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষা ও অনুরোধের কথা বিবেচনা করেই তিনি নতুন সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।
মিম বলেন, ‘আমি এই ছবিটা করেছি মূলত ভক্তদের কথা ভেবেই। আমার ফ্যান-ফলোয়াররা অনেক দিন ধরে আমার নতুন কোনো প্রজেক্টের অপেক্ষায় ছিলেন। "অন্তর জ্বালা"র পর বাংলাদেশে আমার আর কোনো সিনেমা মুক্তি পায়নি। মাঝে কলকাতার "মানুষ" সিনেমাটি মুক্তি পেলেও দেশের দর্শকরা বারবার জানতে চাইতেন, নতুন সিনেমা কবে আসবে।’
তিনি জানান, এই সময়ের মধ্যে অসংখ্য সিনেমার প্রস্তাব পেলেও গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় বেশিরভাগ কাজ ফিরিয়ে দিয়েছেন। তার ভাষায়, ‘অনেক গল্পই মন ছুঁতে পারেনি, আবার অনেক চরিত্র ছিল খুবই সীমিত পরিসরের। আমি সব সময় এমন চরিত্র খুঁজি, যেখানে অভিনয়ের সুযোগ থাকে। তাই মনমতো না হওয়ায় অনেক প্রজেক্টে না বলতে হয়েছে।’
মিম বলেন, ‘সবকিছু যখন ফিরিয়ে দিচ্ছিলাম, তখন এই কাজটির প্রস্তাব আসে। মনে হলো, ভক্তদের জন্য এবার কিছু একটা করা দরকার। গল্প ও চরিত্র দুটোই ভালো লাগায় ঝুঁকি নিয়েই কাজটি শুরু করি।’
নতুন সিনেমায় নিজের চরিত্র নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী। তার মতে, ‘চরিত্রটির ভেতরে অনেক গভীরতা রয়েছে। আমি এমন চরিত্রই পছন্দ করি, যেটার মধ্যে ডুবে যাওয়া যায়। গল্পে চরিত্রটির এমন একটি ভূমিকা থাকবে, যা দর্শকের মনে দীর্ঘদিন থেকে যাবে।’
আরও পড়ুন: অন্তঃসত্ত্বা অবস্থায় ‘দেবী’, সন্তান জন্মের পরই ‘মোটা’: কিয়ারা
ভক্তদের জন্য আরও সুখবরও দিয়েছেন মিম। তিনি জানান, নতুন সিনেমার পাশাপাশি তার অভিনীত ‘দিগন্তে ফুলের আগুন’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া ‘লাইফ লাইন’ ও ‘জীবন অপেরা’ সিনেমার কাজও ইতোমধ্যে শেষ হয়েছে। পর্যায়ক্রমে এসব সিনেমা দর্শকদের সামনে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








