News Bangladesh

পাবনা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫৫, ১৪ মার্চ ২০২৬

গোয়ালঘরে মিললো দেড় হাজার লিটার পেট্রল-অকটেন

গোয়ালঘরে মিললো দেড় হাজার লিটার পেট্রল-অকটেন

ছবি: সংগৃহীত

পাবনার সুজানগর উপজেলার একটি গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত করা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন জব্দ করা হয়েছে। 

নিজ বাড়ির গোয়ালঘরে ওই তেল মজুত করেছিলেন খান এন্টারপ্রাইজের মালিক সন্টু ইসলাম। তাকে ২৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি জব্দ করা তেল সরকারি দামে বিক্রি করা হয়েছে। 

শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার চিনাখড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই তেল জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান। এ সময় র‍্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, সকালে চিনাখড়া বাজারে অভিযান শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের খবর পেয়ে বাজারের খান এন্টারপ্রাইজের মালিক সন্টু ইসলাম দোকান বন্ধ করে দেন। স্থানীয় লোকজন জানিয়ে দেন, দোকানের পেছনেই তার বাড়ি। পরে দোকানের পেছনে অভিযান চালিয়ে গোয়ালঘরে মজুত করে রাখা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন জব্দ করা হয়।

আরও পড়ুন: শ্রীকাইলে নতুন কূপ উদ্বোধন, ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে প্রতিদিন

অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান বলেন, সংকটকে কাজে লাগিয়ে ক্রেতাদের জিম্মি করে ওই ব্যবসায়ী বেশি দামে বিক্রির উদ্দেশ্যে জ্বালানি তেল মজুত করেছিলেন। জব্দ করার পর তেলগুলো সরকার–নির্ধারিত মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে এবং তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, দিনব্যাপী অভিযানে আতাইকুলা, চিনাখড়াসহ চারটি বাজারের ৬টি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা মজুত করা ছাড়াও অতিরিক্ত দামে পেট্রল, ডিজেল ও অকটেন বিক্রি করছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়