ঠাকুরগাঁওয়ে কালবৈশাখীর তাণ্ডবে স্কুলছাত্রের মৃত্যু, ফসল ক্ষতিগ্রস্ত
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আকস্মিক আঘাত হানা ভয়াবহ কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে রেজোয়ান হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু ও ফসলের ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার নেকমরদ ইউনিয়নের কুমারগঞ্জ গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রেজোয়ান ওই গ্রামের তাহেরুল ইসলামের একমাত্র ছেলে এবং নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতের দিকে হঠাৎ ঝড় শুরু হলে প্রবল বাতাসে তাহেরুল ইসলামের ঘরের টিনের চালা উড়ে যায়। এ সময় ইটের প্রাচীরের উপরের অংশ ভেঙে ঘুমন্ত রেজোয়ানের ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও হাসপাতালের পথেই মৃত্যু হয়। এলাকার মানুষ কিশোরের অকাল মৃত্যুর ঘটনায় শোকাহত।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঝড়ে দেয়াল চাপা পড়ে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক।
আরও পড়ুন: বাগেরহাটে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ১৩ জনের প্রাণহানি
একই সঙ্গে গত দুইদিনের টানা ঝড়ের কারণে উপজেলার কৃষিখাতেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিশেষ করে ভুট্টা, আলু ও চলতি মৌসুমের বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। অনেক স্থানে গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি ঘরবাড়ি নষ্ট হয়েছে।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম ক্ষয়ক্ষতির বিষয়ে বলেন, কালবৈশাখী ঝড়ে ফসলের বেশ ক্ষতি হয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অবস্থান করছেন এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চালিয়ে যাচ্ছেন।
ঘটনাটি ঠাকুরগাঁও অঞ্চলের জন্য এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে, যেখানে শুধু মানুষের জীবনের ঝুঁকি নয়, বরং চলতি মৌসুমের ফসল ও বসতবাড়ির ওপরও বড় ধরনের প্রভাব পড়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








