News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৩, ১ মে ২০২৬

রাজধানীতে পানি জমে দুর্ভোগ, চড়া দামে সবজি বিক্রি

রাজধানীতে পানি জমে দুর্ভোগ, চড়া দামে সবজি বিক্রি

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সড়কে ভোগান্তির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় সবজির দামে অস্বস্তি বেড়েছে। সাপ্তাহিক ছুটির সকালে বাজার করতে বের হওয়া সাধারণ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।

শুক্রবার (১ মে) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সবজির দাম বেশ চড়া। বাজারে চিকন বেগুন কেজি ৮০ থেকে ১০০ টাকা এবং বড় গোল বেগুন ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁকরোলের দামও বেশি, কেজি ১০০ থেকে ১২০ টাকা।

টমেটো বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, পটোল ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙে ৬০ থেকে ৭০ টাকা এবং ঢ্যাঁড়স ৫০ থেকে ৬০ টাকায়। কাঁচা মরিচের দাম ১২০ টাকা কেজি, করলা ৬০ থেকে ৮০ টাকা এবং লাউ প্রতিটি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচকলার হালি (৪টি) বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।

মুরগির বাজারেও দাম স্থিতিশীল নয়। ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৮৫ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর রামপুরা, মালিবাগ ও খিলগাঁও এলাকার বাসিন্দারা জানান, জলাবদ্ধতার কারণে বাজারে যাতায়াতই এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একদিকে রাস্তার পানি, অন্যদিকে নিত্যপণ্যের উচ্চমূল্য- সব মিলিয়ে দুর্ভোগ বাড়ছে।

ক্রেতারা অভিযোগ করছেন, বৃষ্টির অজুহাতে বাজারে সবজির দাম আরও বেড়ে গেছে। তবে বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টিতে সরবরাহ ব্যাহত হওয়া এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণেই দাম কিছুটা বেশি।

আরও পড়ুন: নয় ঘণ্টার ব্যবধানে সোনার দাম ভরিতে বাড়লো ২১৫৮ টাকা

তারা আরও আশঙ্কা করছেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হলে সামনে সবজির দাম আরও বাড়তে পারে, কারণ অনেক ক্ষেতের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়