News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৩, ১৩ মার্চ ২০২৬

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে দুই হাজার টাকার বেশি কমানো হয়েছে।

বাজুস জানিয়েছে, বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৭ টাকা। এর আগে এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা। ফলে ভরিতে দাম কমেছে ২ হাজার ১৫৯ টাকা।

এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছিল।

এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ৫২ হাজার ৮৭৫ টাকা। আগে এ মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা।

শুক্রবার (১৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের জরুরি সভায় স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত ওই সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়, যা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী- ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণ: প্রতি গ্রাম ২২ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট হলমার্ক করা স্বর্ণ: প্রতি গ্রাম ২১ হাজার ৬৮০ টাকা, ১৮ ক্যারেট হলমার্ক করা স্বর্ণ: প্রতি গ্রাম ১৮ হাজার ৫৮৫ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি গ্রাম ১৫ হাজার ১৭০ টাকা।

বাজুস আরও জানিয়েছে, নতুন সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।

আরও পড়ুন: টানা দুই দফা বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম

এছাড়া স্বর্ণ ও রুপার অলংকার বিক্রির ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে জুয়েলারি ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়