News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৭, ১২ মার্চ ২০২৬

টানা দুই দফা বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম

টানা দুই দফা বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম

ফাইল ছবি

টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বাজুসের নতুন নির্ধারিত দর অনুযায়ী, সবথেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে বাজুস কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল ১০টা থেকেই সারা দেশে নতুন এই দাম কার্যকর হয়েছে।

আরও পড়ুন: সোনার সঙ্গে রুপার দামও বাড়লো

বাজুস জানায়, স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণের সরবরাহ ও তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে টানা দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল, যা সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছিল। তবে আজকের এই বড় দরপতনের ফলে বাজারে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা। এছাড়া অন্যান্য মানের স্বর্ণের দামও আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করেছে সংগঠনটি। বাজুস নির্ধারিত এই মূল্য তালিকা পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কার্যকর থাকবে।

স্বর্ণের দাম কমলেও রূপার পূর্বনির্ধারিত দাম অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে এবং স্থানীয় চাহিদার ভিত্তিতেই এই দাম কমানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়