এআই ব্যবহার করে সাইবার হামলা করছে উত্তর কোরিয়া
প্রতীকী ছবি
সামরিক, কূটনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে সাইবার হামলা জোরদারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকাররা। দক্ষিণ কোরিয়ার সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জেনিয়ানসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার (১০ আগস্ট) সংবাদমাধ্যম আল জাজিজার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সোমবার জেনিয়ানসের প্রকাশিত প্রতিবেদনের বরাতে সংবাদমাধ্যমে বলা হয়েছে, উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকিং গোষ্ঠী কিমসুকি ২০১৬ সাল থেকে নির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্পিয়ার-ফিশিং হামলায় এআই ব্যবহার করছে। এসব হামলায় গবেষণাপত্র, আমন্ত্রণপত্রসহ বিভিন্ন বৈধ নথির আদলে ক্ষতিকর ভুয়া নথি তৈরি করা হচ্ছে।
জেনিয়ানস জানায়, নিজেদের কার্যক্রম শনাক্তকরণ এড়াতে ইন্টারনেট সংযোগ ছাড়াই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) চালানোর জন্য ওলামা, জিপিটি-৪-অল ও এমএসটিওয়াইয়ের মতো ওপেন-সোর্স টুল ব্যবহার করছে কিমসুকি।
প্রতিবেদনে বলা হয়েছে, এআইয়ের সাহায্যে অল্প সময়ের মধ্যে অত্যন্ত নিখুঁত ও পরিপাটি ভুয়া নথি তৈরি করা সম্ভব। ফলে সাইবার হামলাকারীদের কাছে এআই ক্রমেই কার্যকর হাতিয়ারে পরিণত হচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে অসংখ্য সাইবার হামলার জন্য কিমসুকি ও উত্তর কোরিয়ার অন্যান্য হ্যাকার গোষ্ঠীকে দায়ী করা হয়েছে। এসব হামলার উল্লেখযোগ্য অংশের উদ্দেশ্য ছিল আর্থিক সুবিধা অর্জন।
ব্রিটিশ ব্লকচেইন বিশ্লেষণ প্রতিষ্ঠান ইলিপটিকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম নয় মাসে উত্তর কোরিয়ার হ্যাকাররা ২০০ কোটি ডলারের বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে।
এর আগে ২০১৪ সালে সনি পিকচার্সে সাইবার হামলার জন্যও উত্তর কোরিয়াকে দায়ী করেছিল যুক্তরাষ্ট্র। দ্য ইন্টারভিউ সিনেমায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ব্যঙ্গ করার কারণে পিয়ংইয়ং ক্ষুব্ধ হয়ে ওই হামলা চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে।
এদিকে, এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে এর অপব্যবহার ও সম্ভাব্য ক্ষতির আশঙ্কাও বাড়ছে। বিশেষ করে সাইবার অপরাধীরা এআই ব্যবহার করে আরও দ্রুত, নিখুঁত ও শনাক্ত করা কঠিন হামলা চালাতে সক্ষম হওয়ায় বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়ছে।
আরও পড়ুন; এক্সে বন্ধ হচ্ছে রেভিনিউ শেয়ারিং
উত্তর কোরিয়ার হ্যাকারদের এআইনির্ভর সাইবার হামলার সক্ষমতা নিয়ে জেনিয়ানসের প্রতিবেদনটি এমন সময়ে প্রকাশিত হলো, যখন রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হামলা ও এআইয়ের অপব্যবহার আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ক্রমবর্ধমান হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








