News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৬, ২১ মার্চ ২০২৬

১৮ বছর পর যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

১৮ বছর পর যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ছবি: নিউজবাংলাদেশ

দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সর্বস্তরের মানুষের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (২১ মার্চ) সকাল ১০টা থেকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রাঙ্গণে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম ঈদ উদযাপন, যা ঘিরে রাজধানীজুড়ে ছিল বিশেষ আমেজ।

এদিন সকালে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৮টায় নামাজ ও দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত শেষে তিনি সরাসরি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফিরে আসেন। সেখানে পৌঁছানোর পর তিনি প্রথমে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর পর্যায়ক্রমে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। পরিবারের সদস্যদের নিয়ে তিনি অত্যন্ত হাসিমুখে আগত অতিথিদের সঙ্গে হাত মেলান এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। 

আরও পড়ুন: জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, নির্বাসন শেষে ফেরা প্রিয় নেতাকে এক নজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে ভোর থেকেই যমুনা অভিমুখে মানুষের ঢল নামে। সকাল সাড়ে ৮টায় জনসাধারণের জন্য যমুনার মূল ফটক উন্মুক্ত করে দেওয়ার সাথে সাথেই সেই ভিড় জনস্রোতে রূপ নেয়, যা এক পর্যায়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত বিস্তৃত হয়। পুরো এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এবারের ঈদ তারেক রহমানের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০০৮ সালের সেপ্টেম্বরে লন্ডনে পাড়ি জমানোর পর দীর্ঘ দেড় যুগ তিনি প্রবাসে কাটিয়েছেন। গত বছরের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরার পর চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন। ২০০৭ সালের পর এটিই দেশের মাটিতে তার প্রথম ঈদ উদযাপন।

যমুনার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে যাবেন। সেখানে তিনি তার বাবা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি গুলশানের বাসভবনে ব্যক্তিগত ও পারিবারিক পরিবেশে সময় কাটাবেন বলে জানা গেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়