News Bangladesh

লাইফস্টাইল ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৩, ২০ মার্চ ২০২৬

ঈদের পর হজম ভালো রাখতে যা করবেন

ঈদের পর হজম ভালো রাখতে যা করবেন

প্রতীকী ছবি

ঈদ মানেই মুখরোচক ও সুস্বাদু নানা খাবারের আয়োজন। তবে এক মাস রোজা রাখার পর শরীর, বিশেষ করে পাকস্থলী, হঠাৎ করে অতিরিক্ত ভারী, মসলাদার ও তৈলাক্ত খাবার গ্রহণে অভ্যস্ত থাকে না। ফলে ঈদের পর অনেকেরই হজমের সমস্যা, পেট ফাঁপা বা অস্বস্তি দেখা দেয়। তাই এ সময় হজমশক্তি ভালো রাখতে কিছু বিষয়ে সচেতন থাকা জরুরি।

ধীরে ধীরে স্বাভাবিক রুটিনে ফিরুন
রোজার পর হঠাৎ করে অতিরিক্ত খাবার খেলে শরীরের ওপর চাপ পড়ে। তাই একবারে অনেক বেশি না খেয়ে অল্প অল্প করে এবং কয়েকবারে খাবার খাওয়ার অভ্যাস করতে হবে। এতে পাকস্থলী ধীরে ধীরে স্বাভাবিক খাদ্যাভ্যাসের সঙ্গে মানিয়ে নিতে পারবে।

পর্যাপ্ত পানি পান করুন
রমজানজুড়ে শরীরে পানির ঘাটতি তৈরি হওয়া স্বাভাবিক। ঈদের পর সেই ঘাটতি পূরণে পর্যাপ্ত পানি পান করা জরুরি। তবে খাবারের সঙ্গে সঙ্গে বেশি পানি না খেয়ে কিছুটা বিরতি রেখে পানি পান করলে হজমে সুবিধা হয়। পর্যাপ্ত পানি খাবার হজমে, পুষ্টি শোষণে এবং পেট ফাঁপা কমাতে সহায়তা করে।

আঁশযুক্ত খাবার বাড়ান
হজম ভালো রাখতে খাদ্যতালিকায় শাকসবজি, ফলমূল ও শস্যজাতীয় আঁশসমৃদ্ধ খাবার রাখতে হবে। এসব খাবার মলত্যাগ স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং পেটকে স্বস্তি দেয়। ঈদের ভারী খাবারের পাশাপাশি আঁশযুক্ত খাবার খেলে হজমের সমস্যা অনেকটাই কমে যায়।

ভাজা ও তৈলাক্ত খাবার কম খান
অতিরিক্ত ভাজাপোড়া, তেলচর্বিযুক্ত ও বেশি মিষ্টি খাবার হজমে সমস্যা তৈরি করতে পারে। এগুলো হজম প্রক্রিয়া ধীর করে এবং অস্বস্তি বাড়ায়। তাই ঈদের আনন্দে খাবার খেলেও পরিমাণে সংযম রাখা জরুরি।

আরও পড়ুন: ইফতারে তরমুজ রাখার স্বাস্থ্য উপকারিতা

হালকা গরম পানি বা চা পান করুন
ভারী খাবারের কিছুক্ষণ পর হালকা গরম পানি বা ভেষজ চা পান করলে স্বস্তি মিলতে পারে। এতে পেট ভার লাগা কমে এবং হজম প্রক্রিয়াও কিছুটা সহজ হয়।

ঈদের খাবার উপভোগ করতেই পারেন, তবে একটু সচেতন থাকলে হজমের সমস্যা এড়িয়ে সুস্থ থাকা সহজ হবে। পরিমাণমতো খাওয়া, পর্যাপ্ত পানি পান এবং আঁশযুক্ত খাবার গ্রহণ এই কয়েকটি অভ্যাসই আপনাকে ঈদের পর স্বস্তিতে রাখতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়