News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০১, ১৯ মার্চ ২০২৬

চ্যাম্পিয়নস লিগে নিউক্যাসলকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

চ্যাম্পিয়নস লিগে নিউক্যাসলকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে দাপুটে পারফরম্যান্সে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডকে ৭-২ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৮-৩ ব্যবধানে শেষ আট নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।

ক্যাম্প ন্যুতে ম্যাচের শুরু থেকেই ছিল দারুণ উত্তেজনা। মাত্র ১৮ মিনিটের মধ্যেই তিন গোল হয়। ষষ্ঠ মিনিটে রাফিনিয়া বার্সেলোনাকে এগিয়ে দিলেও ১৫ মিনিটে গোল করে সমতা ফেরান অ্যান্থনি এলাঙ্গা। এর তিন মিনিট পর মার্ক বার্নাল গোল করে আবারও স্বাগতিকদের এগিয়ে দেন।

তবে নিউক্যাসল লড়াই থেকে সরে যায়নি। ২৮ মিনিটে আবারও গোল করে সমতা ফেরান এলাঙ্গা। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সে ফাউলের শিকার হন রাফিনিয়া। কিয়েরন ট্রিপিয়ারের ফাউলে পাওয়া পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন লামিনে ইয়ামাল।

বিরতির পর পুরোপুরি বদলে যায় ম্যাচের চিত্র। ৫১ মিনিটে ফারমিন লোপেজ গোল করেন। এরপর ৫৬ ও ৬১ মিনিটে জোড়া গোল করে ব্যবধান আরও বাড়ান রবার্ট লেভানডফস্কি। ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ৭-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন রাফিনিয়া। জোড়া গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করে ম্যাচের অন্যতম সেরা পারফরমার ছিলেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

এই জয়ে কয়েকটি রেকর্ডও গড়েছেন বার্সার দুই তারকা। চ্যাম্পিয়নস লিগে ৪১টি ভিন্ন দলের বিপক্ষে গোল করে লিওনেল মেসির ৪০ দলের বিপক্ষে গোলের রেকর্ড ভেঙেছেন লেভানডফস্কি। একই সঙ্গে তিনি নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সে জোড়া গোলের কীর্তিও গড়েছেন। অন্যদিকে সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়নস লিগে অন্তত ১০ গোলের মাইলফলক স্পর্শ করে কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলেছেন ইয়ামাল।

আরও পড়ুন: মিরাজের নেতৃত্বে একধাপ এগিয়েছে বাংলাদেশ

প্রথম লেগে ১-১ ড্রয়ের পর দ্বিতীয় লেগে নিউক্যাসলের বিপক্ষে এমন বড় জয় বার্সেলোনার শক্তিরই প্রমাণ। কোয়ার্টার ফাইনালে কাতালানদের প্রতিপক্ষ হবে আতলেতিকো মাদ্রিদ বা টটেনহ্যাম হটস্পার।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়