News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৪, ১৮ মার্চ ২০২৬
আপডেট: ০৯:৪৫, ১৮ মার্চ ২০২৬

নেপালের লিগে খেলতে যাচ্ছেন সানজিদা আক্তার

নেপালের লিগে খেলতে যাচ্ছেন সানজিদা আক্তার

ছবি: সংগৃহীত

কোচ পিটার বাটলারের সঙ্গে দ্বন্দ্বের জেরে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সানজিদা আক্তার। তবে এবার নতুন চ্যালেঞ্জ নিতে নেপালের নারী ফুটবল লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের এই অভিজ্ঞ মিডফিল্ডার। ললিতপুরভিত্তিক ক্লাব জাপা এফসি-র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নতুন দলের হয়ে খেলতে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দেন সানজিদা। সবকিছু ঠিক থাকলে আগামীকালই মাঠে নামবে তার দল। তবে সদ্য দলে যোগ দেওয়ায় প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা কম।

সানজিদা বলেন, ‘আগামীকালের ম্যাচে হয়তো আমার খেলা হবে না। তবে সামনে লিগের আরও বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। আমি আশাবাদী, নিজের সেরাটা দিয়ে দলকে সাফল্য এনে দিতে পারব।’

এর আগে ভারতের আইডব্লিউএল ও ভুটানের ঘরোয়া লিগে খেলার অভিজ্ঞতা থাকলেও, নেপালে এবারই প্রথম খেলতে যাচ্ছেন তিনি। নতুন এই লিগ নিয়ে বেশ রোমাঞ্চিত এই মিডফিল্ডার।

আর্থিক দিক থেকেও নেপালের লিগকে ইতিবাচক হিসেবে দেখছেন সানজিদা। তার ভাষ্য, ‘ভুটানের তুলনায় নেপালের লিগে পারিশ্রমিক কিছুটা বেশি।’

আরও পড়ুন: প্রথমবারের মতো পিএসএলে ডাক পেলেন শরিফুল

একসময় বাংলাদেশ জাতীয় নারী দলের মাঝমাঠের অন্যতম ভরসা ছিলেন সানজিদা আক্তার। তবে কোচের সঙ্গে বিরোধের পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে না থাকায় নিজের ফর্ম ও ফিটনেস ধরে রাখতে বিদেশি লিগেই মনোযোগ দিচ্ছেন এই ফুটবলার।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়