News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩০, ১৫ মার্চ ২০২৬

নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’

নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’

ফাইল ছবি

দেশের নারী ক্রিকেটের দীর্ঘদিনের স্থবিরতা কাটাতে এবং পাইপলাইন শক্তিশালী করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরোয়া ক্রিকেটের নারী ক্রিকেটারদের মাঠের ব্যস্ততা বাড়ানো এবং তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে আগামী মে মাস থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’। একইসঙ্গে নারী ক্রিকেটের ভবিষ্যৎ কাঠামো সুসংহত করতে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিট গঠনের প্রক্রিয়াও চূড়ান্ত করেছে বোর্ড।

বিসিবির নারী উইং জানিয়েছে, আগামী ৫ মে থেকে ১৪ মে পর্যন্ত ঢাকার ভেন্যুতে অনুষ্ঠিত হবে ‘বিসিবি উইমেন্স কাপ’। মূলত নির্বাচনকালীন পরিস্থিতির কারণে পুরুষদের ঢাকা প্রিমিয়ার লিগ যথাসময়ে শুরু না হওয়ায় ক্রিকেটে যে স্থবিরতা তৈরি হয়েছিল, তা থেকে নারী ক্রিকেটারদের মুক্ত করতেই এই আয়োজন। টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেবে এবং দলগুলোর নামকরণ করা হবে বিভিন্ন রঙের নামে। গত ঢাকা উইমেন্স ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে খেলা মোট ১১২ জন ক্রিকেটার এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। তবে জাতীয় দলের কোনো ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলবেন না; প্রতিটি দলে ১৪ জন করে উদীয়মান ও ঘরোয়া লিগের নিয়মিত মুখ ঠাঁই পাবেন।

ঘরোয়া নারী ক্রিকেটারদের অনেকেরই পারিশ্রমিক তুলনামূলক কম, যা ৫ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ। এই আর্থিক সীমাবদ্ধতা ঘোচাতে বিসিবি বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১১২ জন ক্রিকেটারের প্রত্যেককে পুরো টুর্নামেন্টের জন্য ২৫ হাজার টাকা করে ম্যাচ ফি প্রদান করা হবে। এ ছাড়া চ্যাম্পিয়ন দল, প্লেয়ার অব দ্য ম্যাচ এবং ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। টুর্নামেন্ট চলাকালে খেলোয়াড় ও কোচিং স্টাফদের আবাসনসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করবে বিসিবি।

আরও পড়ুন: জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই

চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের পরিকল্পনা থাকলেও স্পন্সর সংকট এবং ফ্র্যাঞ্চাইজি স্বল্পতার কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। 

নতুন সূচি অনুযায়ী, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আগামী ১০ জুলাই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে তিন দলের এই টুর্নামেন্ট। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 

বিসিবি আশা করছে, এই টুর্নামেন্টটি নারী ক্রিকেটে নতুন উন্মাদনা তৈরি করবে।

নারী ক্রিকেটের দীর্ঘমেয়াদি উন্নতির লক্ষ্যে বিসিবি হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিট গঠনের কাজ প্রায় সম্পন্ন করেছে। আগামী মে মাস থেকে চার-পাঁচ মাসব্যাপী একটি নিবিড় কার্যক্রম শুরু হবে। যেখানে নারী ক্রিকেটাররা স্কিল ডেভেলপমেন্ট ক্যাম্প, আধুনিক ট্রেনার ও ফিজিওর পূর্ণাঙ্গ সুবিধা পাবেন। 

বিসিবির এক কর্মকর্তা জানান, ক্রিকেটারদের মাঠে ফেরানোর পাশাপাশি তাদের পেশাদারিত্ব ও দক্ষতা বাড়ানোই এই দ্বিমুখী পরিকল্পনার মূল লক্ষ্য। আগামী দু-এক দিনের মধ্যেই ‘বিসিবি উইমেন্স কাপ’ এবং এইচপি ইউনিটের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়