সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
প্রথম ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে হারিয়ে সিরিজে শুভসূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। সেই জয়ের ধারা ধরে রেখে সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্যে আজ আবারও মাঠে নামছে স্বাগতিকরা।
শুক্রবার (১৩ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।
সিরিজের প্রথম ম্যাচে ব্যাট ও বল—দুই বিভাগেই দারুণ পারফরম্যান্স করে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে দ্বিতীয় ম্যাচেও স্পষ্ট ফেভারিট টাইগাররা। এই ম্যাচে জয় পেলেই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা।
প্রথম ম্যাচে বাংলাদেশের পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৩০.৪ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ২৪ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি।
জবাবে ওপেনার তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় পায় বাংলাদেশ। ৪২ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলেন তিনি। ফলে ২০৯ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।
দ্বিতীয় ম্যাচেও জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তিনি বলেন, “এটা ছিল দুর্দান্ত শুরু। অনেকদিন পর আমরা ওয়ানডে খেলেছি। চ্যালেঞ্জিং হলেও সবাই পরিস্থিতির সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছে। আশা করি, খেলোয়াড়দের কঠোর পরিশ্রমে আমরা সিরিজ জিততে পারব।”
অন্যদিকে প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পরও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।
আরও পড়ুন: নাহিদের গতির আগুনে পুড়ল পাকিস্তান, মিরপুরে বাংলাদেশের দাপুটে জয়
তিনি বলেন, “আমরা যেভাবে সিরিজ শুরু করতে চেয়েছিলাম, সেভাবে পারিনি। তবে এখনও দুটি ম্যাচ বাকি আছে এবং আমরা সিরিজে সমতা ফেরাতে আত্মবিশ্বাসী। এটি তরুণ দল, আমি শেষ পর্যন্ত তাদের সমর্থন করব।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








