সকালে খালি পেটে যেসব খাবার খেলে বদহজম হয়
ছবি: ইন্টারনেট
সারাদিন কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি জোগাতে সকালের নাশতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনভর শরীর কতটা সতেজ ও কর্মক্ষম থাকবে, তা অনেকটাই নির্ভর করে সকালে কী খাওয়া হচ্ছে তার ওপর। পুষ্টিবিদদের মতে, সকালে খালি পেটে থাকা যেমন ক্ষতিকর, তেমনি যেকোনো খাবার খাওয়াও ঠিক নয়।
কিছু কিছু খাবার রয়েছে, যেগুলো খালি পেটে খেলে শরীরের ক্ষতি হতে পারে। এতে হজমের সমস্যা বাড়ার পাশাপাশি বিভিন্ন শারীরিক অস্বস্তিও দেখা দিতে পারে। তাই সকালে কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত, সে বিষয়ে সচেতন থাকা জরুরি।
চলুন জেনে নেওয়া যাক, খালি পেটে কোন খাবারগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-
কলা, দুধ দিয়ে তৈরি স্মুদি
সকালে ঘুম থেকে উঠে কলা, দুধ দিয়ে তৈরি স্মুদি খাওয়া স্বাস্থ্যকর মনে হলেও তা একেবারেই স্বাস্থ্যকর নয়। বিপাকহার সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে দুধ ও কলা একসঙ্গে খেলে। দুধে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি। তাই দুধ হজম করতে অনেক সময় লাগে। অন্য দিকে, কলার গ্লাইসেমিক ইনডেস্ক অনেকটাই বেশি। তাই কলা পরিপাক করতেও বিস্তর সময় লাগা স্বাভাবিক।
ফ্যাট ও শর্করা পরিপাক করতে গিয়ে স্বাভাবিক ভাবেই বিপাকহারের গতি শ্লথ হয়ে যেতে পারে। যার কারণে বেড়ে যেতে পারে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা।
চা, কফি, টকজাতীয় পানীয়
ঘুম থেকে উঠেই এক কাপ চা বা কফিতে চুমুক দেন এমন মানুষের সংখ্যা কম নয়। আবার অনেক স্বাস্থ্য সচেতন মানুষ দিন শুরু করে লেবু পানি দিয়ে। যাদের পেটের সমস্যা রয়েছে তাদের জন্য এই অভ্যাস মারাত্মক হতে পারে।
ক্যাফিন আর অ্যাসিড- দুটোই পাকস্থলীর দেওয়ালগুলোকে উদ্দীপিত করে। ফলে দেখা দেয় বদহজম, পেটে জ্বালা, গা গোলানোর মতো সমস্যা। দীর্ঘদিন ধরে একই ভুল করতে থাকলে দেখা দিতে পারে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা।
আরও পড়ুন: তেলে কমাবে ত্বকের বলিরেখা
কাঁচা সালাদ
সকালের নাশতায় কাঁচা সালাদ খেয়ে অনেকেই ভাবতে পারেন স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন। তবে এতে পেটের ক্ষতি হয়। কাঁচা শাকসবজিতে অদ্রবণীয় ফাইবার বেশি থাকে। খালি পেটে, এই ফাইবার অন্ত্রের পক্ষে ক্ষতিকর। পুষ্টিবিদদের মতে, রান্না করা খাবারের সঙ্গে সালাদ খেলে তা হজমে সহায়ক হয়। কিন্তু খালি পেটে সালাদ খাওয়া একদম উচিত নয়।
এখানে সমস্যা খাবারের নয়, বরং সময় ও ক্রমের। নরম, পুষ্টিকর ও সহজে হজমযোগ্য কিছু খাবার দিয়েই দিনটা শুরু করা দরকার। তাহলে শরীর অন্যান্য খাবার গ্রহণের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








