স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৩, ২ জুন ২০২৬

বিশ্বকাপ দেখানোর সুখবর পেল ভারত

বিশ্বকাপ দেখানোর সুখবর পেল ভারত

ছবি: সংগৃহীত

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ১১ জুন পর্দা উঠছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপের। টুর্নামেন্টকে সামনে রেখে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় সুখবর। দেশটিতে বিশ্বকাপের সরাসরি সম্প্রচার স্বত্ব অর্জন করেছে জি এন্টারটেইনমেন্ট।

সোমবার (১ জুন) প্রতিষ্ঠানটি এক ঘোষণায় জানায়, ২০২৬ ফিফা বিশ্বকাপের পাশাপাশি ২০৩৪ সাল পর্যন্ত অনুষ্ঠিতব্য আরও ৩৮টি ফিফা ইভেন্ট সম্প্রচারের স্বত্ব তারা পেয়েছে। যদিও চুক্তির আর্থিক বিবরণ প্রকাশ করা হয়নি, ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এর মূল্য ৩ থেকে ৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের মধ্যে হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

এই চুক্তির ফলে ভারতের কোটি কোটি ফুটবলপ্রেমী তুলনামূলক কম খরচে বিশ্বকাপ উপভোগের সুযোগ পাবেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ভারতের বাজারের জন্য শুরুতে প্রায় ১০ কোটি মার্কিন ডলার মূল্য নির্ধারণ করেছিল ফিফা। পরে তা কমিয়ে ৬ কোটি ডলারে আনা হয়।

এর আগে গত ১৫ মে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিএমজি প্রায় ৬ কোটি মার্কিন ডলারে ২০২৬ বিশ্বকাপের একচেটিয়া সম্প্রচার স্বত্ব কিনে নেয়।

অন্যদিকে বাংলাদেশে এখনো বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জানা গেছে, বাংলাদেশে ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেতে প্রায় ১ কোটি ২৩ লাখ মার্কিন ডলার ব্যয় হতে পারে। কর, ভ্যাট ও অন্যান্য চার্জ যুক্ত হলে মোট ব্যয় প্রায় ২০০ কোটি টাকায় পৌঁছাতে পারে।

আরও পড়ুন: ৬-২ গোলে পানামাকে উড়িয়ে বিশ্বকাপের বার্তা ব্রাজিলের

ফলে দেশের ফুটবলপ্রেমীরা এখনো অপেক্ষায় রয়েছেন কোন সম্প্রচারমাধ্যম বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি দেখাবে, সে ঘোষণা শোনার জন্য।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়