স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৭, ২৯ মে ২০২৬
আপডেট: ১০:৪০, ২৯ মে ২০২৬

মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনলে বাংলাদেশ

মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনলে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সাফ উইমেন’স চ্যাম্পিয়নশিপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করেছে কোচ পিটার বাটলারের শিষ্যরা। একই সঙ্গে সেমিফাইনালও নিশ্চিত করেছে মারিয়া মান্দাদের দল।

ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ।

ম্যাচের মাত্র ১১ সেকেন্ডেই গোল করে দলকে এগিয়ে দেন আনিকা রানিয়া সিদ্দিকী। কিক-অফের পর বাম দিক থেকে ঋতুপর্ণা চাকমার বাড়ানো নিচু ক্রস নিয়ন্ত্রণে নিয়ে মালদ্বীপের জালে বল জড়ান তিনি। লাল-সবুজের জার্সিতে এটি ছিল সুইডেনপ্রবাসী এই ফুটবলারের প্রথম গোল।

৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উমেহলা মারমা। শামসুন্নাহার জুনিয়রের ক্রসে জোরালো শটে বল জালে পাঠান তিনি।

তবে প্রথমার্ধের শেষ দিকে একটি গোল শোধ দেয় মালদ্বীপ। ৪১তম মিনিটে মারিয়ামের শট গোলরক্ষক মিলি আক্তারের মাথার ওপর দিয়ে জালে জড়ালে ব্যবধান কমে আসে।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের দুর্বল ডিফেন্সের সুযোগ নিয়ে সমতায় ফেরে মালদ্বীপ। আমিনাত ফাজলার গোলে ম্যাচে ফিরে আসে দ্বীপরাষ্ট্রটি।

তবে বেশিক্ষণ হতাশ থাকতে হয়নি বাংলাদেশকে। ৬৪তম মিনিটে ঋতুপর্ণা চাকমার নিখুঁত ক্রস থেকে বদলি খেলোয়াড় সুরভী আকন্দ প্রীতি গোল করে আবারও বাংলাদেশকে এগিয়ে নেন।

এরপর যোগ করা সময়ে মালদ্বীপের কফিনে শেষ পেরেক ঠুকে দেন কোহাতি কিসকু। তার গোলে ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

আরও পড়ুন: বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা নেদারল্যান্ডসের

ঈদুল আজহার দিনে জয় উপহার দিয়ে দেশবাসীর আনন্দ আরও বাড়িয়ে দিয়েছেন মারিয়া মান্দারা। একই সঙ্গে মালদ্বীপের বিপক্ষে নিজেদের শতভাগ জয়ের রেকর্ডও ধরে রাখল লাল-সবুজের প্রতিনিধিরা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়