স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৯, ১ আগস্ট ২০২৬

নিয়ম ভঙ্গের দায়ে চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা

নিয়ম ভঙ্গের দায়ে চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা

ছবি: সংগৃহীত

নিয়ম ভঙ্গের দায়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা করেছে। একই সঙ্গে ক্লাবটির ওপর টানা দুই ট্রান্সফার উইন্ডোর জন্য খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা দেওয়া হলেও, সেই শাস্তি ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে এফএ জানায়, স্বাধীন নিয়ন্ত্রক কমিশনের তদন্তে চেলসির বিরুদ্ধে আনা ৭৪টি অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রথমে ক্লাবটির ছয় পয়েন্ট কাটার সিদ্ধান্ত দেওয়া হলেও আপিলের পর সেই শাস্তি বাতিল করা হয়। এর পরিবর্তে স্থগিত ট্রান্সফার নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

এফএর তথ্য অনুযায়ী, ফুটবল এজেন্ট ও মধ্যস্থতাকারীদের সঙ্গে আর্থিক লেনদেন এবং খেলোয়াড়দের চুক্তিতে তৃতীয় পক্ষের বিনিয়োগসংক্রান্ত নিয়ম ভঙ্গের ঘটনা ২০০৯ থেকে ২০২২ সালের মধ্যে ঘটে। অধিকাংশ অনিয়মই সাবেক মালিক রোমান আব্রামোভিচের মালিকানাকালে, বিশেষ করে ২০১০-১১ থেকে ২০১৫-১৬ মৌসুমের মধ্যে সংঘটিত হয়।

সংস্থাটি জানিয়েছে, শুনানির আগেই চেলসি ৭৪টি নিয়ম ভঙ্গের বিষয় স্বীকার করে। এরপর স্বাধীন কমিশন ১ কোটি পাউন্ড জরিমানা ও ছয় পয়েন্ট কাটার শাস্তি দিলেও আপিল বোর্ড পয়েন্ট কাটার সিদ্ধান্ত বাতিল করে দুই ট্রান্সফার উইন্ডোর স্থগিত নিষেধাজ্ঞা বহাল রাখে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত এখনও চলমান।

২০২২ সালে ব্লুকোর নেতৃত্বে নতুন মালিকানা চেলসির দায়িত্ব নেওয়ার পর অতীতের আর্থিক লেনদেনে সম্ভাব্য অনিয়ম শনাক্ত করে বিষয়টি স্বেচ্ছায় প্রিমিয়ার লিগ, এফএ ও উয়েফাকে জানানো হয়।

আরও পড়ুন: লিজেন্ডস লিগে টাইগার্সের নেতৃত্বে সাকিব

রায়ের পর এক বিবৃতিতে চেলসি জানায়, বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ায় তারা সন্তুষ্ট। ক্লাবটির দাবি, তদন্তের শুরু থেকেই তারা সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছে এবং প্রয়োজনীয় হাজার হাজার নথি স্বেচ্ছায় জমা দিয়েছে। একই বিষয়ে এর আগে উয়েফা ও প্রিমিয়ার লিগের সঙ্গেও সমঝোতায় পৌঁছেছিল ক্লাবটি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়