স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৮, ২ জুন ২০২৬
আপডেট: ০৮:১৮, ২ জুন ২০২৬

মশক নিধন শিখতে ফ্লোরিডা যেতে হবে না, ডোবার পাশে দাঁড়ালেই হবে: প্রধানমন্ত্রী

মশক নিধন শিখতে ফ্লোরিডা যেতে হবে না, ডোবার পাশে দাঁড়ালেই হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

মশক নিধনের কার্যক্রম পর্যবেক্ষণ বা এ বিষয়ে নতুন পদ্ধতি শেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের একটি প্রস্তাব নাকচ করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে ফ্লোরিডা সফরের প্রস্তাবটি স্থানীয় সরকার বিভাগ থেকে সার-সংক্ষেপ আকারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। সফরটির ব্যয় বহনের কথা ছিল বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি-এর।

প্রস্তাবের বিষয়ে মতামত দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী প্রস্তাবটি সরাসরি অনুমোদন না দিয়ে বাতিল করেন বলে জানা গেছে।

আরও পড়ুন: নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনা হবে রিকশা-অটোরিকশা: ডিএসসিসি প্রশাসক

এদিকে প্রধানমন্ত্রীর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে দেশে চলমান মশক সমস্যা এবং সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের প্রয়োজনীয়তা নিয়ে একটি তাৎপর্যপূর্ণ বার্তা হিসেবে দেখছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়