জিয়াউর রহমানের আদর্শে বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ছবি: সংগৃহীত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ৫ আগস্টের ঐতিহাসিক ছাত্র-গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদত বার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে তার মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন।
মাজার প্রাঙ্গণে স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশের সার্বিক কল্যাণের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এবং দেশ ও জনগণের সেবায় নতুন করে অনুপ্রাণিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অগ্রগতির অতন্দ্র প্রহরী হিসেবে অভিহিত করে বলেন, তিনি আমৃত্যু দেশের কল্যাণে অনন্য ভূমিকা পালন করে গেছেন। ১৯৭১ সালের মহান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এই দূরদর্শী নেতার যে ঐতিহাসিক উত্থান ঘটেছিল, পরবর্তীতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়েই তিনি শাহাদাত বরণ করেন। আজকের দিনটিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এ দেশের সমগ্র গণমানুষের জন্য অত্যন্ত দুঃখভারাক্রান্ত, শোকাবহ ও স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে উল্লেখ করে মন্ত্রী জানান, তারা এই গভীর শোককে জাতীয় সমৃদ্ধির শক্তিতে পরিণত করেছেন।
আরও পড়ুন: জিয়ার আদর্শে দেশ গঠনে শরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তিনি আরও যোগ করেন, জিয়াউর রহমান দেশের মানুষকে শিখিয়েছেন কীভাবে দল-মত নির্বিশেষে সমস্ত মানুষের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলে জাতীয় অগ্রগতির পথে এগিয়ে যেতে হয়। বর্তমানে বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে তার প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্রের সেই আদর্শকে ধারণ করেই রাজনীতি পরিচালনা করছে।
গণতন্ত্রের প্রতি বর্তমান অন্তর্বর্তীকালীন তথা গণতান্ত্রিক সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন এই দেশটিকে সম্পূর্ণ গণতান্ত্রিক ধারায় পরিচালিত করা হবে। ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের গণতন্ত্রের ভিত্তিকে আগামী দিনে আরও সুদৃঢ়, শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের মূল ঠিকানা হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রদর্শিত পথকে নির্দেশ করেন।
একইসঙ্গে তিনি সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মা’ হিসেবে অভিহিত করে বলেন, এ দেশের গণতন্ত্র রক্ষা এবং পুনরুদ্ধারের সংগ্রামে তাঁর সীমাহীন ত্যাগ, আপসহীন লড়াই ও অবদান জাতি চিরকাল সশ্রদ্ধচিত্তে স্মরণ করবে, কারণ তিনিই দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








