সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিকেলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে প্রায় সাড়ে তিন ঘণ্টা ভ্রমণ শেষে মির্জা আব্বাস নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছান। বিমানবন্দর থেকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে নিউরো বিভাগে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে।
ডা. রফিকুল ইসলাম জানান, হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে তার কথা হয়েছে। তারা জানিয়েছেন, ভ্রমণের সময় মির্জা আব্বাসের কোনো সমস্যা হয়নি এবং তিনি বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
এর আগে রোববার সকাল সাড়ে ১১টায় মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়।
গত শুক্রবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রায় পৌনে চার ঘণ্টা ধরে চলা অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: ডিএমপির ৬ এডিসি ও তিন এসিকে বদলি
এর আগে গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।
নিউজবাংলাদেশ.কম/এসবি








