বিজয় দিবস উপলক্ষে দেশজুড়ে নিরাপত্তা জোরদার
ফাইল ছবি
মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৫ ডিসেম্বর) র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাভারের জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গভবন, প্রধান উপদেষ্টার বাসভবনসহ সারাদেশে বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের দৃশ্যমান উপস্থিতি ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে বিজয় দিবসের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে র্যাব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
ইতোমধ্যে জারিকৃত সব ধরনের আইনশৃঙ্খলা সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে র্যাব ফোর্সেস কাজ করছে। বিজয় দিবসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গত ১৩ ডিসেম্বর থেকে ব্যাটালিয়ন-অধিভুক্ত গুরুত্বপূর্ণ ভেন্যু ও আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি এবং টহল বাড়ানো হয়েছে। এই কার্যক্রম আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও ইউনিফর্ম টহল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি র্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ করছে।
অনুষ্ঠানস্থলের আশপাশে কেউ যেন সন্দেহজনক ব্যাগ, বস্তা বা কার্টনজাতীয় কোনো বস্তু বহন বা সংরক্ষণ করতে না পারে সে লক্ষ্যে বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনা করা হবে। এছাড়া কিশোর গ্যাং সংশ্লিষ্ট কার্যক্রম প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
দেশব্যাপী ভিভিআইপি ও ভিআইপি, বিদেশি কূটনৈতিক মিশনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গমনাগমন এবং জনসমাগমস্থলগুলোতে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের প্রবেশ ও বহির্গমন পথসহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সন্ত্রাসী ও অপরাধীরা যেন বস্তি, হোটেল, গেস্ট হাউস, রেস্ট হাউজ কিংবা নগরীর উপকণ্ঠের আবাসিক এলাকায় অবস্থান নিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে। সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। একইসঙ্গে বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালসহ জনসমাগমপূর্ণ এলাকায় সাদা পোশাক ও ইউনিফর্মে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
র্যাব ব্যাটালিয়নগুলো নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করবে। এছাড়া র্যাব সদর দপ্তরের কন্ট্রোল রুম (হটলাইন: ০১৭৭৭৭২০০২৯) থেকে ঢাকাসহ সারাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয় করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








