আজ মহান বিজয় দিবস
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বীরের জাতি বাঙালির শৌর্য, বীরত্ব ও আত্মত্যাগের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। ১৯৭১ সালের দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এই দিনেই পৃথিবীর মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ আত্মপ্রকাশ করে। লাখো শহীদের আত্মদান ও অসংখ্য মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় বাঙালি জাতির ইতিহাসে সর্বোচ্চ গৌরবের প্রতীক।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানাবেন। এ সময় বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
দিবসটি উপলক্ষ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর বাণীতে বলেন, স্বাধীনতার প্রকৃত সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক করতে হবে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধাবোধ, পরমতসহিষ্ণুতা ও ঐক্যের সংস্কৃতি গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, দীর্ঘ শোষণ-বঞ্চনার ইতিহাস পেরিয়ে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা ও সার্বভৌমত্ব।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তাঁর বাণীতে বলেন, এবারের বিজয় দিবস হোক জাতীয় জীবনে নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার দিন। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জনগণের প্রকৃত ক্ষমতায়নের লক্ষ্যে গণতান্ত্রিক উত্তরণের যে নবযাত্রা শুরু হয়েছে, তা রক্ষার শপথ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিজয় দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিদেশি কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়া, মহান বিজয় দিবসে সর্বোচ্চসংখ্যক জাতীয় পতাকা নিয়ে প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সকাল ১১টা থেকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ফ্লাই-পাস্ট প্রদর্শনী অনুষ্ঠিত হবে। একইসঙ্গে বিশেষ বিজয় দিবস ব্যান্ড শো আয়োজন করা হবে।
‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার দেশের স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষ্যে পতাকাবাহী স্কাইডাইভ প্রদর্শন করবেন, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাবে বলে আশা করা হচ্ছে। দেশের অন্যান্য শহরেও সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর উদ্যোগে ফ্লাই-পাস্ট ও ব্যান্ড শো অনুষ্ঠিত হবে।
বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জেলা ও উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুক্তিযুদ্ধভিত্তিক আবৃত্তি, প্রবন্ধ রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ এবারও হচ্ছে না।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর ও বাংলাদেশ শিশু একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করবে।
আরও পড়ুন: রাজনৈতিক ব্যক্তি ও প্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা
রাজনৈতিক দলগুলোর কর্মসূচি
বিএনপি:
সকাল ৬টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং সকাল সাড়ে ৯টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের কর্মসূচি রয়েছে।
জামায়াতে ইসলামী:
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় যুব বিভাগের উদ্যোগে যুব র্যালি অনুষ্ঠিত হবে। র্যালিতে নেতৃত্ব দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
এনসিপি:
সকাল ৯টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং বিকেল সাড়ে ৩টায় আগ্রাসনবিরোধী যাত্রা কর্মসূচি পালন করবে দলটি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








