ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের বি১-বি২ বা ভিজিটর ভিসা ব্যবহারের ক্ষেত্রে নতুন করে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাস।
শনিবার (২ মে) সকালে দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সীমিত কিছু ব্যবসায়িক কার্যক্রম করা যায়। যেমন- চুক্তি নিয়ে আলোচনা বা দরকষাকষি এবং বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ। তবে যুক্তরাষ্ট্রে অবস্থান করে কোনো ধরনের পারিশ্রমিক গ্রহণ করা বা সেখানকার কোনো নিয়োগকর্তার জন্য কাজ করা অনুমোদিত নয়।
ভিসা যথাযথভাবে ব্যবহার করা প্রত্যেক আবেদনকারীর নিজ দায়িত্ব বলেও উল্লেখ করেছে দূতাবাস।
আরও পড়ুন: রবিবার শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব
এর আগে দূতাবাস আরও জানায়, শুধুমাত্র সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে সেখানে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা যাবে না। কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন, এটাই ভ্রমণের মূল উদ্দেশ্য, তাহলে ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








