বাংলাদেশ-পাকিস্তান প্রধানমন্ত্রীর ফোনালাপ: ঈদ শুভেচ্ছা বিনিময়
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক পরিবেশে দুই প্রধানমন্ত্রী একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান এবং দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন।
শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুই নেতার মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। এই ফোনালাপকে দুই দেশের মধ্যে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ কূটনৈতিক যোগাযোগ হিসেবে উল্লেখ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়।
সরকারি বিবৃতি ও এক্স (সাবেক টুইটার) পোস্টে জানানো হয়, অত্যন্ত আন্তরিক পরিবেশে হওয়া এই আলাপে শেহবাজ শরীফ বাংলাদেশের প্রধানমন্ত্রী ও দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান। জবাবে তারেক রহমানও পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেদেশের জনগণের প্রতি শুভকামনা প্রকাশ করেন।
আরও পড়ুন: সম্প্রীতির বার্তা নিয়ে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা
আলোচনায় দুই দেশের ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও পারিবারিক সম্পর্কের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। এ প্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সবক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে তার সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে তারেক রহমানকে আশ্বস্ত করেন।
ফোনালাপে দক্ষিণ এশিয়ার সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাবলি নিয়েও মতবিনিময় করেন দুই নেতা। তারা মতপার্থক্য ও বিরোধ নিরসনে সংলাপ ও কূটনৈতিক পদ্ধতিকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন এবং উত্তেজনা প্রশমনে শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
উভয় নেতা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার অভিন্ন লক্ষ্য অর্জনে ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়।
নিউজবাংলাদেশ.কম/পলি








