News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:২২, ২০ মার্চ ২০২৬

ঈদের শিক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান রাষ্ট্রপতির

ঈদের শিক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান রাষ্ট্রপতির

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি এবং মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

শুক্রবার (২০ মার্চ) বঙ্গভবন থেকে পাঠানো এক বিশেষ বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি তার বার্তায় একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ঈদের শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে উল্লেখ করেন, ঈদুল ফিতর মুসলমানদের প্রধানতম ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মুমিন মুসলমানগণ সকল অন্যায়, অবিচার ও পাপাচার থেকে মুক্ত হয়ে আত্মশুদ্ধির সুযোগ পান। এই প্রক্রিয়ার মাধ্যমে মানুষ উত্তম চারিত্রিক গুণাবলি অর্জন করে এবং পারলৌকিক মুক্তির পথে এগিয়ে যায়। ঈদের দিন ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয়ে আনন্দের ভাগাভাগি করেন, যা সমাজে সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। তিনি আশা প্রকাশ করেন, এই সম্প্রীতি যেন প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ে এবং মানুষের জীবন অনাবিল আনন্দে ভরে ওঠে।

আরও পড়ুন: সম্প্রীতির বার্তা নিয়ে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

রাষ্ট্রপতি তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষা ও আত্মত্যাগের বিনিময়ে দেশে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশের শুভসূচনা ঘটেছে। তিনি বিশ্বাস করেন, শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যময় রাষ্ট্র গঠনে ঈদুল ফিতরের তাৎপর্য অপরিসীম। একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের যে অভিযাত্রা শুরু হয়েছে, ঈদের শিক্ষা তাতে নতুন উদ্যম ও অনুপ্রেরণা যোগাবে।

বিশ্বব্যাপী বিরাজমান জ্বালানি ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে রাষ্ট্রপতি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি স্বীকার করেন যে, বৈশ্বিক এই সংকটের অনাকাঙ্ক্ষিত অভিঘাত বাংলাদেশের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। তবে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করছে। এই প্রতিকূল সময়ে সমাজের বিত্তবান ও সচ্ছল শ্রেণিকে দরিদ্র ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর পাশে আরও দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। তিনি মনে করেন, সামর্থ্যবানরা এগিয়ে এলে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোও ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারবে।

বাণীর শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মহান আল্লাহর দরবারে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, মুসলিম উম্মাহ এবং বিশ্বের সকল মানুষের সুখ, শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তিনি প্রত্যাশা করেন, পবিত্র ঈদের এই আনন্দ ও শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথচলা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়